ক্রিকেটে নতুন ফরম্যাট ‘টেস্ট-টোয়েন্টি’

ক্রিকেটে নতুন ফরম্যাট ‘টেস্ট-টোয়েন্টি’

সময়ের সঙ্গে আধুনিকায়ন হচ্ছে ক্রিকেট। তারই ধারাবাহিকতায় টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ফরম্যাটের পর এবার টেস্ট-টোয়েন্টি নামক এক ফরম্যাটের আবির্ভাব হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটের ঘোষণা দেন ক্রীড়া উদ্যোক্তা ও ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের কার্যনির্বাহী চেয়ারম্যান গৌরব বাহিওয়ানি। টেস্টের নিয়মে ২০ ওভারের খেলা হবে বলেই ফরম্যাটের নাম রাখা হয়েছে টেস্ট-টোয়েন্টি।

টেস্ট ক্রিকেটের মতো চারটি ইনিংস খেলা হবে এই ফরম্যাটে। প্রতি ইনিংসে থাকবে ২০ ওভার, দুদল দুই ইনিংস করে চার ইনিংসে ৮০ ওভার ব্যাট করবে। এই ৮০ ওভারের খেলা হবে একদিনে। এটি হবে ক্রিকেটের চতুর্থ আনুষ্ঠানিক ফরম্যাট। এই ফরম্যাট উদ্ভাবনের ধারণাটা নিয়ে এসেছে ‘দ্য ফোর্থ ফরম্যাট’ নামের সংগঠন। তাদের লক্ষ্য ১৩ থেকে ১৯ বছর বয়সি ক্রিকেটারদের মধ্যে নতুন প্রতিভা খুঁজে বের করা। এর সঙ্গে যুক্ত করা হবে আধুনিক প্রযুক্তি, যেমন এআই-নির্ভর স্কাউটিং সিস্টেম ও ব্যাট-বল সেন্সর, যা তরুণদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘প্রতিটি দল ব্যাট করবে দুবার, ঠিক যেমন টেস্টে হয়। এর মাধ্যমে খেলার কৌশলগত দিকটি ফিরে আসবে, তবে সময় হবে কম, খেলা হবে আরো গতিময় ও সম্প্রচারবান্ধব। টেস্ট ও টি-টোয়েন্টির নিয়ম মিলিয়ে তৈরি করা হয়েছে এই ফরম্যাট, যাতে জয়-পরাজয়, ড্র বা টাইÑসব ফলই সম্ভব।’

সংস্থাটির প্রধান নির্বাহী গৌরব বাহিরওয়ানি বলেন, ‘আমরা শুধু একটি টুর্নামেন্ট করছি না, একটি নতুন ক্রিকেট ইকোসিস্টেম গড়ে তুলছি। যেমনভাবে যুক্তরাষ্ট্রে এনসিএএ বিশ্ববিদ্যালয় বাস্কেটবলের মাধ্যমে নতুন খেলোয়াড় তুলে আনে, আমরাও তেমন একটা বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করছি। এটা এমন একটি ব্যবস্থা, যেখানে ছেলে-মেয়ে, ধনী-গরিব যে কোনো প্রেক্ষাপটের তরুণ ক্রিকেটার সমান সুযোগ পাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন