রুটের রেকর্ডে বড় লিডের পথে ইংল্যান্ড

রুটের রেকর্ডে বড় লিডের পথে ইংল্যান্ড

ম্যানচেস্টার টেস্টে ভারতের বিপক্ষে বড় লিডের পথে ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে চার হাফ সেঞ্চুরির সঙ্গে রুটের রেকর্ড গড়া সেঞ্চুরিতে (১৫০) ভর করে তৃতীয় দিন শেষে ১৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রান তুলেছে ইংল্যান্ড। লিড ১৮৬ রানের। উইকেটে আছেন বেন স্টোকস (৭৭*) ও লিয়াম ডাওসন (২১*)।

বিজ্ঞাপন

রুট এদিন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সেরা (১৩ হাজার ৪০৯ রান) রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি তৃতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দুটি ভিন্ন ভেন্যুতে (ম্যানচেস্টার ও লর্ডস) ১ হাজার এবং ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রান করেন।

ম্যানচেস্টারে ব্যাট করতে নামার সময় রুটের রান ছিল ১৩ হাজার ২৫৯। তখনো তার ওপরে শচীন, রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও পন্টিং। একে একে শেষের তিনজনকে টপকালেন। মাত্র আট বলের ব্যবধানে দ্রাবিড় ও ক্যালিসকে ছাপিয়ে যান রুট। এরপর ব্যক্তিগত ১১৯ রানের মাথায় টপকে যান পন্টিংকে। শেষ পর্যন্ত ১৫০ রানে আউট হন রুট।

রুট ১৩ হাজার ৪০৯ রান করেছেন ১৫৮ টেস্টে। শীর্ষে থাকা শচীন ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন। সেই রেকর্ড ভাঙতে হলে এখনও কয়েক বছর খেলতে হবে রুটকে। তবে রুটের যা ফিটনেস ও ইংল্যান্ড বছরে যতগুলো টেস্ট খেলে তাতে শচীনের রেকর্ড ভাঙা অসম্ভব হবে না।

ভারতের বিপক্ষে এ নিয়ে ১২টি সেঞ্চুরি করলেন রুট। যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। স্টিভ স্মিথ ১১টি সেঞ্চুরি নিয়ে আছেন দুইয়ে। টেস্টে সেঞ্চুরিয়ানদের তালিকায় চার নম্বরে উঠলেন রুট। টেস্টে এটা তার ৩৮তম সেঞ্চুরি। শ্রীলঙ্কার কুমার সাঙ্গকারারও ৩৮টি সেঞ্চুরি রয়েছে। দুই নম্বরে থাকা ক্যালিস ৪৫টি ও তিনে থাকা পন্টিং ৪১টি সেঞ্চুরি করেছেন। শীর্ষে থাকা শচীনের শতরানের সংখ্যা ৫১।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

ভারত প্রথম ইনিংস : ১১৪.১ ওভারে ৩৫৮/১০ (সুদর্শন ৬১, জয়সওয়াল ৫৮, রাহুল ৪৬, পান্ত ৫৪; স্টোকস ৫/৭২, আর্চার ৩/৭৩)।

ইংল্যান্ড প্রথম ইনিংস : ১৩৫ ওভারে ৫৪৪/৭ (রুট ১৫০, ডাকেট ৯৪, ক্রলি ৮৪, স্টোকস ৭৭*, পোপ ৭১; সুন্দর ২/৫৭, জাদেজা ২/১১৭)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন