গ্লোবাল সুপার লিগ-২০২৫

ফাইনালের প্রস্তুতি ভালো হলো না রংপুরের

ফাইনালের প্রস্তুতি ভালো হলো না রংপুরের

টানা তিন জয়ে ফাইনালের টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল রংপুর রাইডার্সের জন্য ফাইনালের আগে গা গরমের ম্যাচ। তবে প্রস্তুতিটা ভালো হলো না গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বিবর্ণ ব্যাটিং উপহার দিয়েছে নুরুল হাসান সোহানের দল।

গায়ানায় বৃহস্পতিবার বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে ১৩.১ ওভারে ৭৯ রানে অলআউট হয় রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সাইফ হাসান। দুই অংকে যেতে পারেন আরও একজন, মাহিদুল ইসলাম অঙ্কনও করেন ২৫ রান। অবশ্য হারতে হয়নি রংপুরকে। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৫ রান। তৃতীয় উইকেটে ৩০ বলে ৪১ রানের জুটি গড়েন সাইফ ও মাহিদুল। পরে আর কোনো জুটির রান দুই অঙ্ক স্পর্শ করেনি। অধিনায়ক সোহান করেন ৩ বলে ৫ রান, ইয়াসির আলি ও ইফতিখার আহমেদ করেন ৩ রান করে।

২.৫ ওভারে একটি মেডেনে ৬ রানে ৩ উইকেট নিয়ে সেন্ট্রাল ডিসট্রিক্টসের সফলতম বোলার বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স। ৩টি করে উইকেট নেন আরও দুজন বোলার। ইনিংস বিরতির সময় আবার বৃষ্টি নামায় ব্যাটিংয়ে নামতে পারেনি সেন্ট্রাল ডিসট্রিক্টস।

ফাইনালে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৫টায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন