ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর ইতোমধ্যে বাংলাদেশে পা রেখেছে। বুধবার (১৬ জুলাই) স্থানীয় সময় সকাল আটটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান দলের দ্বিতীয় বহর বুধবার বিকেল পাঁচটার দিকে ঢাকায় পৌঁছাবে। আসন্ন সিরিজের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের রাখেনি সংস্থাটির নির্বাচক প্যানেল। মূলত বাকি দুই সংস্করণের বিবেচনায় তাদের দলে নেওয়া হয়নি। অন্যদিকে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি হারিস রউফ ও শাদাব খানের।

বিজ্ঞাপন

কিছুদিন আগে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এবার লিটন দাসের দলের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। বর্তমানে শ্রীলঙ্কাকে অবস্থান করছে ফিল সিমন্সের শিষ্যরা। টেস্ট ও ওয়ানডে শেষে লঙ্কানদের বিপক্ষে এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজটি আইসিসি ফিউচার ট্যুর প্ল্যানের (এফটিপি) অংশ নয়। মূলত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই দুই বোর্ডের সম্মতিতে এই সিরিজ হচ্ছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামী ২০ জুলাই পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ২২ ও ২৪ জুলাই সিরিজের বাকি ম্যাচদুটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন