বাংলাদেশের হয়ে সবশেষ চার টি-টোয়েন্টি ইনিংসের তিনটিতেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। দারুণ ছন্দে থাকা লিটন ভেঙেছেন দুটি রেকর্ডও। মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন গত বছর। অবসরে যাওয়ার সময় তার নামের পাশে ছিল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৭ ছক্কা হাঁকানোর রেকর্ড। সেই রেকর্ড ভেঙে এখন নিজের করে নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। পাশাপাশি এই রিয়াদকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এখন সামনে শুধু সাকিব আল হাসান।
প্রায় এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে করেছিলেন ২৪৪৪ রান। ছিলেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। গত পরশু হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেন লিটন দাস। এই ইনিংস খেলার পথে মাহমুদউল্লাহকে সরিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে উঠে আসেন তিনি। বর্তমানে ২৪৯৬ রান করে দুই নম্বরে আছেন। তার সামনে এখন শুধু সাকিব আল হাসান। তাকে ছাড়িয়ে যেতে লিটনের দরকার আর মাত্র ৫৬ রান। একই ইনিংসে একটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন। বাংলাদেশের হয়ে লিটনের ছক্কা সংখ্যা এখন ৭৮টি।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডও এখন লিটনের দখলে। ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করা সাব্বির রহমান আছেন শীর্ষে। এছাড়া হংকংয়ের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়েন ৯৫ রানের জুটি। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে সাকিব আল হাসানের সঙ্গে ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের জুটি গড়েন সাব্বির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

