ইমরানুর ও দাবাড়ু জিয়ার পরিবার পাচ্ছে ২০ লাখ টাকা

ইমরানুর ও দাবাড়ু জিয়ার পরিবার পাচ্ছে ২০ লাখ টাকা

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায় গতকাল বেশ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে এজিএম আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিওএ। এজিএমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন হবে।

বিজ্ঞাপন

এর আগে আগামী ৭ দিনের মধ্যে গঠনতন্ত্র সংশোধন ও পরিবর্ধন করে একটি আদর্শ গঠনতন্ত্র অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। পুরাতন কাউন্সিলর বহাল থাকবে, নাকি বাতিল করা হবে- এ বিষয়টিও চূড়ান্ত হবে। বিওএর সভায় সিদ্ধান্ত হয়েছে যে, প্রয়াত কিংবদন্তি দাবাড়ু জিয়াউর রহমানের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য ইনজুরি আক্রান্ত স্প্রিন্টার ইমরানুর রহমানকেও ১০ লাখ টাকা দিচ্ছে বিওএ।

এসব সিদ্ধান্তের পাশাপাশি স্কটল্যান্ডের গ্লাসগোতে হতে যাওয়া ২৩তম কমনওয়েথ গেমসে বিভিন্ন ডিসিপ্লিনে ২০ জন খেলোয়াড় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আর্চারি ও অ্যাথলেটিক্সের খেলোয়াড় এই গেমসে থাকছেন না। ভারোত্তোলনের খেলোয়াড়দের বাছাই পর্ব পেরিয়ে যেতে হবে। তাছাড়া ইয়ুথ এশিয়ান গেমসে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হবে।

এই গেমসে কাবাডির পুরুষ ও নারী- দুটি দল অংশ নিচ্ছে। সেখানে ১২ খেলোয়াড় থাকছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ যে তিনটি গেমসের জন্য খেলোয়াড়দের প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে, এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন