উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অঘটনের শিকার হয়েছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, বেলজিয়ামের মতো দলগুলো। এসব দলের অঘটনের রাতে ব্যতিক্রম ছিল কেবল জার্মানি। ভক্তদের হতাশ করেনি ইউরোপ জায়ান্টরা।
সান সিরোতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইতালিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। ম্যাচের নবম মিনিটে টোনালির গোলে এগিয়ে যায় ইতালি। ৪৯ মিনিটে সফরকারীদের ম্যাচে ফেরান ক্লেইনডিন্সট। ৭৬ মিনিটে লেরয় গোরেটস্কা জালের দেখা পেলে জয় নিয়ে ফেরে জার্মানরা।
সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ফরাসিরা। স্টাডিওন পলজুডে বুদিমিরের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। জায়ান্টদের জালে শেষ পেরেক ঠুঁকেন পেরিসিচ। ডেনমার্কের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরেছে পর্তুগাল। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন রাসমুম হয়লুন্দ। অপর ম্যাচে ইউক্রেনের কাছে ৩-১ গোলে হেরেছে বেলজিয়াম। নিরপেক্ষ ভেন্যু স্পেনের নুয়েভা কনডোমিনাতে লুকাকুর কল্যাণে এগিয়ে যায় বেলজিয়ানরা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ানো ইউক্রেনের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন হাটসুলিয়াক, ভানাট ও জাবারনি।
ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়ামের মতো অবশ্য হারতে হয়নি স্পেনকে। নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ফেয়নুর্দ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন কোডি গাকপো ও রেইন্ডার্স। স্প্যানিশদের হয়ে একবার করে জালে বল জড়ান নিকো উইলিয়ামস ও মেরিনো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

