ইতিহাসে গড়ে বিশ্বমঞ্চে ইতালি

ইতিহাসে গড়ে বিশ্বমঞ্চে ইতালি

আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথটা মসৃণ করে রেখেছিলো ইতালি। তাদের সামনে সবচেয়ে সহজ সমীকরণ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয় এড়ানো। কাজটা খুব নিখুঁতভাবেই করল ইউরোপের দেশটি। সেই সঙ্গে নিশ্চিত করল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে মূল পর্বের টিকেট পেয়েছে ইতালি।

বিজ্ঞাপন

ইতালির সঙ্গে জায়গা পেয়েছে নেদারল্যান্ডসও। তারা অবশ্য ইতালির বিপক্ষে বড় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

হেগে শুক্রবার বাংলাদেশ সময় রাতে শেষ হওয়া ম্যাচে ইতালিকে ৯ উইকেটে হারায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানে করে ইতালি। জবাবে ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে তারা।

ইতালির বিশ্বকাপ স্বপ্নটা শুরু হয় স্কটল্যান্ডকে হারানোর পর। তাতে বাছাইয়ের শেষ ম্যাচে জার্সির অপেক্ষা ছিল ইতালির বড় পরাজয়ের। নেদারল্যান্ডস ১৪.১ ওভারে জিতে গেলেই জার্সি চলে যেত মূলপর্বে।

পাওয়ার প্লেতে ৬৬ রান করে ইতালি শিবিরে ভয় ঢোকায় ডাচরা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাকি ৬৯ রানের জন্য নেদারল্যান্ডসকে আরও ১০.২ ওভার খেলতে বাধ্য করে ইতালি। তাতে ভেঙে যায় জার্সির প্রথমবার বিশ্বকাপে খেলার আশা। পূরণ হয় আজ্জুরিদের স্বপ্ন।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ ও ১৫তম দল হিসেবে অংশগ্রহণ করবে নেদারল্যান্ডস ও ইতালি। সেপ্টেম্বর-অক্টোবরে আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে আসবে আরও দুই দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন