শুরুটা মোটেই ভালো হয়নি। জয়ের রঙে রাঙাতে পারেনি লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হোঁচট খেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। রোববার কোচ হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যদের রুখে দিয়েছে মিসরীয় ক্লাব আল আহলি। প্রথম ম্যাচ অমীমাংসিত থাকায় এক পয়েন্টের সংগ্রহ নিয়ে টুর্নামেন্টের চার দলের ‘এ’ গ্রুপের তলানিতে পড়ে রয়েছে সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের দলটি। শুরুতে গোলশূন্য ড্র করলেও ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরে এবার জয়ের ট্র্যাকে পা রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ক্লাবটি।
আগের ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় ইন্টার মিয়ামি। খেলায় ফিরে গ্রুপ ‘এ’ র নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে চায় সুপারস্টার মেসির ক্লাবটি। গ্রুপ পর্বে শুধু ভালোই করতে চায় না দলটি, দুর্দান্ত পারফরম্যান্সে টিকিট কাটতে চায় ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বের। লক্ষ্যটা সামনে রেখে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইন্টার মিয়ামি। আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রাত ১টায় দলটি মোকাবিলা করবে পর্তুগিজ ক্লাব পোর্তোকে। গ্রুপের মার্কিন টিম দ্য হেরনস ও পর্তুগালের দ্য ড্রাগনস দুদলেরই সংগ্রহ মধ্যপ্রাচ্যের আল আহলি ও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সমান এক পয়েন্ট। কেননা ইন্টার মিয়ামি-আল আহলির মতো পোর্তো-পালমেইরাসও প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে।
সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন খেলবে ইতালিয়ান জায়ান্ট টিম জুভেন্টাসের বিপক্ষে। আজ বৃহস্পতিবার দুদলের ম্যাচ মাঠে গড়াবে সকাল ৭টায়। এ ম্যাচের ভেন্যু ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ওয়াশিংটনের অডি ফিল্ডে। একই দিন রাত ১০টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পালমেইরাস মুখোমুখি হবে আল আহলির। ওয়াশিংটনের লুমেন ফিল্ডে শুক্রবার ভোররাত ৪টায় যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স এফসি মাঠের লড়াইয়ে পরীক্ষা দেবে স্প্যানিশ টিম অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

