স্কটল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডগ ওয়াটসন। গত শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট স্কটল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জার্সি ও ইতালির কাছে হেরে মূল পর্বে উঠতে ব্যর্থ হওয়াতেই মূলত সরিয়ে দেওয়া হয় ওয়াটসনকে।
২০২৩ সালের শুরুতে স্কটল্যান্ডের অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান ওয়াটসন। এরপর সফল কোচ হিসেবে ২০২৪ সালে স্থায়ীভাবে দায়িত্ব পান। তার অধীনে দল সাম্প্রতিক সময়ে কানাডা ও নামিবিয়াকে হারিয়েছে।
ওয়াটসন বিদায়ী বার্তায় বলেন, ‘দায়িত্ব ছাড়তে হচ্ছে বলে কিছুটা হতাশ, তবে এখানে কাটানো সময়ের অনেক সুন্দর স্মৃতি আমার সঙ্গে থাকবে। এই দারুণ স্কোয়াড ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করা ছিল আনন্দের অভিজ্ঞতা। আমি গর্বিত যে দলকে আইসিসি সিডব্লিউসিএল২ টেবিলের শীর্ষে রেখে যাচ্ছি। এখন পরিবারের সঙ্গে আরো সময় কাটানোর অপেক্ষায় আছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

