২০২৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের। সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ায় এ লক্ষ্য পূরণের পথে বড় ধাক্কা খেল বাংলাদেশ। তবে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি তাদের। বাছাই পর্বে ২৪টি দল ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলবে।
এশিয়ান কাপে খেলতে হলে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। বর্তমানে এই গ্রুপে সিঙ্গাপুর পয়েন্ট টেবিলের শীর্ষে। দুই ম্যাচ খেলে তাদের অর্জন ৪ পয়েন্ট। হংকংয়ের অর্জন ৪ পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে তারা। তিনে বাংলাদেশ (এক পয়েন্ট) ও চারে ভারত (এক পয়েন্ট)।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাকি ৪ ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। পাশাপাশি আরো কিছু সমীকরণ মেলাতে হবে জামালদের। সামনের সব ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ১৩। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকতে হলে গ্রুপে বাকি তিনটি দলকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে থাকতে হবে। বাংলাদেশের কাছে হারলে বাকি তিন জিতলে সিঙ্গাপুরের পয়েন্ট দাঁড়াবে ১৩। সেক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের গোল গড়ে এগিয়ে থাকতে হবে। ফলে সিঙ্গাপুর সফরে গিয়ে বড় ব্যবধানে জিততে হবে।
অন্যদিকে বাংলাদেশের কাছে দুই ম্যাচ হারলে ভারত ও সিঙ্গাপুর ম্যাচে জিতলে হংকংয়ের পয়েন্ট দাঁড়াবে ১০। এক্ষেত্রে তারা বাংলাদেশের নিচেই থাকবে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও ভারতের ১০ পয়েন্ট অর্জনের সুযোগ আছে। তবে তারা বাংলাদেশের পেছনেই থাকবে। সব মিলিয়ে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার সুযোগ আছে। তবে ম্যাচ জয়ের বিকল্প নেই। আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকং, ১৮ নভেম্বর ভারত ও ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

