পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) ফান্ডে নেই টাকা। সংস্থাটির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে, ২০২৫-২৬ প্রো লিগে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের অংশগ্রহণ। আর এমনটা হলে আন্তর্জাতিক হকিতে আরো পিছিয়ে পড়বে দেশটি। চারবারের চ্যাম্পিয়নদের এখন এমন আশঙ্কাই ঘিরে ধরেছে।
পাকিস্তানের হকির পারফরম্যান্সের যেন কোনো উন্নতির লক্ষণ নেই। অবনতির ধারাটা চলছে কয়েক বছর ধরে। টানা তিনটি অলিম্পিক মিস করেছে তারা। খেলবে কি? অলিম্পিকের টিকিটই ছিনিয়ে নিতে পারেনি পাকিস্তান। দুর্দশা এখানেই শেষ নয়। সবশেষ তিন বিশ্ব আসরের দুটিতে নামই লিখতে পারেনি। এশিয়ান গেমসের গত দুই আসরে পদকের দেখাও পায়নি। আন্তর্জাতিক হকিতে ব্যর্থতার খোলসে আটকে পড়ায় সম্পর্ক ছিন্ন করছে স্পন্সররা। অর্থাভাব এতটাই প্রকট যে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো প্রয়োজনীয় টাকা নেই পিএইচএফের অ্যাকাউন্টে।
নিউজিল্যান্ড ২০২৪-২৫ মৌসুমে নেশনস কাপ চ্যাম্পিয়ন হয়ে ২০২৫-২৬ প্রো লিগে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু টুর্নামেন্ট থেকে নিউজিল্যান্ড নিজেদের প্রত্যাহার করায় সুযোগটি এসেছে পাকিস্তানের কাছে। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) টুর্নামেন্টটিতে খেলার টিকিট দিয়েছে রানার্সআপ পাকিস্তানকে। গত বুধবার পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে প্রো লিগ খেলার আমন্ত্রণ জানিয়েছে এফআইএইচ। এ আসরে খেলতে হলে ১২ আগস্টের মধ্যে জানাতে হবে এফআইএইচকে।
হারানোর সুযোগ পেয়েও টুর্নামেন্টে পাকিস্তানের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানের হকি কর্তারা রয়েছেন দুশ্চিন্তায়। কারণ বিদেশে দল পাঠানোর মতো পর্যাপ্ত টাকা নেই পিএইচএফের তহবিলে। পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে ২৫ লাখ ডলার সহায়তা চেয়ে আবেদন করেছেন হকির কর্তারা। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩০ কোটি ৫৮ লাখ টাকা।
প্রো লিগে জাতীয় দল পাঠাতে এখন এই বিশাল অঙ্কের টাকা দরকার পিএইচএফের। টাকা না পাওয়া পর্যন্ত প্রো লিগে খেলার ব্যাপারে এফআইএইচকে পাকা কথা দিতে পারছেন না পাকিস্তানের হকি কর্তারা। এখানেও সামনে হাজির হয়েছে নতুন সমস্যা। নতুন করে টাকা দেওয়ার আগে গত বছরের হিসাব চেয়েছেন পাকিস্তান স্পোর্টস বোর্ডের কর্তারা।
টুর্নামেন্টটিতে খেলবে ৯টি দল। আসরে আগেই নাম লিখেছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, ভারত, নেদারল্যান্ডস ও স্পেন। নবম দল হিসেবে সুযোগ পেয়েছে পাকিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

