আজ রোববার ভোরে মাঠে গড়িয়েছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে এই প্রথম ক্লাব বিশ্বকাপ হচ্ছে ৩২ দল নিয়ে। ক্লাব ফুটবলের এবারের বৈশ্বিক আসরে থাকছে কিছু নতুনত্ব। এ নিয়ে আজকের আয়োজন-
শুধু অধিনায়ক
রেফারির কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে রেফারিকে তা শুধু দলের অধিনায়ক জানাতে পারবেন। অন্য ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরে সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারবেন না। সেটা করলে মিলবে হলুদ কার্ড।
গোলকিপারের আট সেকেন্ড
আগে গোলরক্ষকরা ছয় সেকেন্ড বল ধরে রাখতে পারতেন। সেই নিয়মের বদলে গোলরক্ষকরা এখন আট সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। এই নিয়ম ভাঙলে ইনডিরেক্ট ফ্রি-কিকের বদলে এবার থেকে কর্নার কিকের বাঁশি বাজাবেন রেফারি।
ডাবল টাচ
পেনাল্টি কিকের সময় খেলোয়াড়রা বল পা দিয়ে দুবার স্পর্শ করতে পারবেন না। পুনরায় শট নিতে দেওয়ার আগে প্রথম কিকের ভিডিও পরীক্ষা করে দেখা হবে। অনিচ্ছাকৃতভাবে বলে দুবার স্পর্শ করলে ফের কিক নিতে দেওয়া হবে। ইচ্ছাকৃতভাবে ডাবল টাচ করলে গোল বাতিল হয়ে যাবে।
সাপোর্ট স্টাফদের ট্যাব
ম্যাচে ফুটবলার পরিবর্তন করতে হলে চতুর্থ রেফারিকে জানাতে হতো আগে। এ আসরে প্রতিটি দলের সাপোর্ট স্টাফদের হাতে থাকবে ট্যাব। এই ট্যাবের মাধ্যমে খেলোয়াড় বদলের আবেদন করতে পারবেন তারা। এতে ভুল হবে কম। যোগাযোগ করা যাবে দ্রুত।
রেফারির জার্সিতে ক্যামেরা
ম্যাচ চলাকালে রেফারির জার্সির সামনে থাকবে বডি ক্যামেরা। সঙ্গে তার কানে লাগানো থাকবে ইয়ারপিস। যাতে যোগাযোগ করা যাবে। টিভিতে সম্প্রচার হতে পারে সেই ক্যামেরার ধারণ করা ভিডিও। কোনো ফুটবলার রেফারির সঙ্গে বাজে আচরণ বা গালাগাল করলে তা ধরা পড়বে ক্যামেরায়।
অফসাইড প্রযুক্তি
এবারের ক্লাব বিশ্বকাপে থাকছে অ্যাডভান্সড সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, একাধিক ক্যামেরা, বলে লাগানো সেন্সর থেকে দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। অফসাইডের সিদ্ধান্ত নেওয়াও এতে সহজ হয়ে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

