কি নাটক অপেক্ষা করছে ওভালে শেষদিনে

কি নাটক অপেক্ষা করছে ওভালে শেষদিনে

লিডস যেন ফিরে আসছে ওভালে। লিডসে ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭১ রান তাড়া করে জেতা ইংল্যান্ডের সামনে ওভালে লক্ষ্য ছিল ৩৭৪। তৃতীয় দিনের শেষ বলে উইকেট হারানো ইংল্যান্ড চতুর্থ দিনে দেখাল বাজবলের প্রদর্শনী। জোড়া সেঞ্চুরি করলেন হ্যারি ব্রুক ও জো রুট। তাতে ট্রফির ফয়সালা হয়ে যেত গতকালই। কিন্তু আলোকস্বল্পতা আর বৃষ্টির বাগড়ায় লড়াই পৌঁছে গেল শেষ দিন। নাটকীয়তার দিকে মোড় নিলো ওভাল দ্বৈরথ। চতুর্থ দিন শেষে জয় থেকে ৩৫ রান দূরে ইংল্যান্ড। ৭৬.২ ওভারে তাদের সংগ্রহ ৩৩৯/৬। উইকেটে আছেন জেমি স্মিথ (২*) ও জেমি ওভারটন (০)। ইনজুরিতে পড়া ক্রিস ওকস ব্যাটিংয়ে নামতে না পারলে আজ ভারতের দরকার কার্যত ৩ উইকেট।

সিরিজে দ্বিতীয়বার সাড়ে তিনশ রান তাড়ায় ইংল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার কারিগর ব্রুক ও রুট। চতুর্থ উইকেটে দুজনের ১৯৫ রানের দারুণ জুটি ধীরে ধীরে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিতে থাকে। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে ১৪ চার ও ২ ছক্কায় ৯৮ বলে ১১১ রান করে আউট হন ব্রুক। আর ১৫২ বলে ১২ চারে ১০৫ রান করেন রুট। ৩৯ নম্বর শতক করে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে এখন এককভাবে চার নম্বরে আছেন ইংলিশ ব্যাটার।

১ উইকেটে ৫০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৩৪ রানে অপরাজিত বেন ডাকেট এদিন ফিফটি করার পরপরই ৮৩ বলে ৫৪ রান করে ফিরে যান। ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ শুরুটা ভালো করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ২৭ রানের ওয়ানডে সুলভ ইনিংস। ভারত তখন জয়ের স্বপ্ন দেখছে। জিততে তখনও ইংল্যান্ডের প্রয়োজন ২৬৮ রান।

এরপরই শুরু ব্রুকের পাল্টা আক্রমণ। আকাশ দিপকে পরপর চার ও ছক্কা মেরে যখন ঝড়ের ইঙ্গিত দিচ্ছেন তখনই মোক্ষম সুযোগটা পায় ভারত। কিন্তু লং লেগে সিরাজের ব্যর্থতায় আরেকটি উইকেট পাওয়া হয়নি ভারতের। এরপর আরও চড়াও হন ইংলিশ ব্যাটার। ৩৯ বলে করেন ফিফটি। রুট ফিফটি পূর্ণ করেন ৮১ বলে। চা-বিরতির আগে ৯১ বলে টেস্ট ক্যারিয়ারের দশম শতক পেয়ে যান। টেস্টের চতুর্থ ইনিংসে এটি তার প্রথম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। এখানে ব্রুকের ওপরে আছেন জেমি স্মিথ (৮০ বল) ও ডাকেট (৮৮ বল)।

এক ওভার পর আকাশ দিপকে পরপর দুটি বাউন্ডারির পর ক্যাচ দিয়ে শেষ হয় ব্রুকের দুর্দান্ত ইনিংস। চা-বিরতির পর এসে ১৩৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রুট। জয় তখন ইংল্যান্ডের দুয়ারে। জ্যাকব বেথেলকে সঙ্গে নিয়ে দলকে যখন অনায়াস জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন রুট, তখনই ১৫ বলের মধ্যে এই দুজনের বিদায়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। বেথেলকে বোল্ড করার পর নিজের পরের ওভারে রুটকে কিপারের ক্যাচ বানিয়ে ফেরান কৃষ্ণা। খানিক পরই প্রথমে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। একটু পরই নামে বৃষ্টি। আর খেলা শুরু করা যায়নি।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
ভারত : প্রথম ইনিংসে ৬৯.৪ ওভারে ২২৪/১০ এবং দ্বিতীয় ইনিংসে ৮৮ ওভারে ৩৯৬/১০ (জয়সওয়াল ১১৮, আকাশ ৬৬, জাদেজা ৫৩, সুন্দর ৫৩; টং ৫/১২৫, অ্যাটকিনসন ৩/১২৭, ওভারটন ২/৯৮)
ইংল্যান্ড : প্রথম ইনিংসে ৫১.২ ওভারে ২৪৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ৭৬.২ ওভারে ৩৩৯/৬ (ব্রুক ১১১, রুট ১০৫, ডাকেট ৫৪; কৃষ্ণা ৩/১০৯, সিরাজ ২/৯৫)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন