২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে জমজমাট এক রাত দেখল দর্শকরা। তাতে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করলেও হাঙ্গেরির সঙ্গে ড্র করে বিশ্বকাপ নিশ্চিতের অপেক্ষা বাড়ল পর্তুগালের। জয় পেয়ে আশা বাঁচিয়ে রাখল ইতালি, একইভাবে বিশ্বকাপের আরো কাছে পৌঁছে গেল স্পেন। ইউরোপের প্রথম দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড।
হাঙ্গেরির বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত। এমন সমীকরণে মাঠে নেমে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করেন রোনালদো। এ গোলে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষ গোলদাতা হলেন রোনালদো। তিনি পেছনে ফেলেছেন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজকে (৩৯)। বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল ৫১ ম্যাচে ৪১টি, সব মিলিয়ে ৯৪৮টি। ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ৩ জয় ও এক ড্রয়ে ১০। সমান ম্যাচে হাঙ্গেরির পয়েন্ট ৫। পর্তুগালই আছে গ্রুপের শীর্ষে।
এদিকে লাটভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাদের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন। একটি করে গোল করেন অ্যান্থনি গর্ডন ও এবেরেচি এজে, অন্য গোলটি আত্মঘাতী। গ্রুপ ‘কে’ থেকে ৬ ম্যাচের সবকটি জিতেছে ইংলিশরা। ৬ ম্যাচে ১৮ গোল করলেও হজম করেনি একটিও।
অন্য ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল ইতালি। গ্রুপ ‘ই’–এর ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কাছে পৌঁছে গেল স্পেন। জর্জিয়ার বিপক্ষে তুরস্কের জয়ের কারণে তাদের অপেক্ষা করতে হচ্ছে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

