আগামী ১১ থেকে ২২ জুলাই বাংলাদেশে হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। আসন্ন এ টুর্নামেন্টে খেলছে না ভারত। সাফ সূত্রে জানা যায়, এই বয়সভিত্তিক সাফ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। তবে ঠিক কী কারণে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেবে না ভারত, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ টুর্নামেন্টের গত আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভারত না থাকায় স্বাগতিক বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে হবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক নারী সাফে ভারত শক্তিশালী দল। ২০১৮ সালে প্রথম অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক পর্যায়ে হয়েছিল নারী সাফ। সেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত হয় তৃতীয়। এরপর ২০২২ সালের আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। অনূর্ধ্ব-১৯ পর্যায়েও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। একবার রানার্সআপও হয়েছে ভারতীয় মেয়েরা।
এবার ভারত না খেলায় পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ফরম্যাটে। চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের বিপক্ষে খেলবে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। ভারত নাম প্রত্যাহার করে নেওয়া টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরো উজ্জ্বল হলো বাংলাদেশের।\
এ পর্যন্ত সাফের বয়সভিত্তিক নারী ফুটবল টুর্নামেন্টে পাঁচটি আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। আসন্ন নারী ফুটবল টুর্নামেন্টটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় ফুটবল দল ম্যাচ খেললেও জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না নারী সাফের টুর্নামেন্টটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

