ফরাসি লিগ ওয়ানে ৬ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ২৮ ম্যাচের মধ্যে ২৩ জয় তুলে নিয়েছে ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটি। বাকি ৫ ম্যাচে পয়েন্ট ভাগ করেছে। বিপরীতে কোনো হার নেই তাদের নামের পাশে। মৌসুমের বাকি ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে চান পিএসজির প্রধান কোচ লুইস এনরিকে। তাহলেই ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে লিগ মৌসুম শেষ করার অনন্য রেকর্ড গড়বে পিএসজি।
লিগ শিরোপা নিশ্চিত করার পথে নিজেদের সবশেষ ম্যাচে অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন দিজেরে দুয়ো। ২৮ ম্যাচ শেষে পিএসজির সংগ্রহ ৭৪ পয়েন্ট। দুইয়ে অবস্থান করছে মোনাকো। তাদের পুঁজি ৫০ পয়েন্ট। অর্থ্যাৎ নিজেদের বাকি ম্যাচগুলোতে পিএসজি হারলেও শিরোপা জেতার সম্ভাবনা থাকছে না মোনাকোর।
শিরোপা নিশ্চিত হওয়ার পর এনরিকে বলেন, ‘অপরাজিত থেকে মৌসুম শেষ করার দিকে মনোযোগ আমাদের। এর আগে কোনো ফরাসি দল এটা করে দেখাতে পারেনি। আমাদের লক্ষ্য ওটাই। এপ্রিলের প্রথম সপ্তাহে শিরোপা নিশ্চিত করার মানে হলো আমরা অনেক উঁচুতে পৌঁছে গেছি। এটা ঠিক যে এখনও আমাদের কিছু ম্যাচ বাকি রয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

