টেস্ট স্ট্যাটাসপ্রাপ্তির রজতজয়ন্তী

সম্মাননা পেলেন বুলবুল-রফিকরা

সম্মাননা পেলেন বুলবুল-রফিকরা

টেস্ট স্ট্যাটাসপ্রাপ্তির ২৫ বছর উপলক্ষে সম্মাননা পেলেন অভিষেক টেস্টের খেলোয়াড়রা।আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় বিশেষ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় আমিনুল ইসলাম বুলবুল-মোহাম্মদ রফিকদের। অভিষেক টেস্টের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সম্মাননা হিসেবে দেওয়া হয় ব্লেজার।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিষেক টেস্টের স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটারের ১১ জন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, মনজুরুল ইসলাম, খালেদ মাসুদ পাইলট ও আল শাহরিয়ার রোকন দেশের বাইরে থাকায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে উপস্থিত থাকা ক্রিকেটারদের স্মৃতিচারণ করতে বলা হয়। সে সময় নিজেদের অভিষেক টেস্টের স্মৃতি স্মরণ করেন তারা। একইসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এসব ক্রিকেটার সম্পর্কে বাড়তি ও মজার তথ্য দেন অনুষ্ঠানে।

সম্মাননা শেষে ক্রিকেটাররা গ্রুপ ফটোসেশনে অংশ নেন। রাখা হয় অটোগ্রাফের বিশেষ ব্যবস্থা। ক্রিকেটারদের পাশাপাশি অভিষেক টেস্টে বাংলাদেশ দলের কোচ সারোয়ার ইমরান ও ম্যানেজার আজিজ আল কায়সার টিটুও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

বিসিবির এ অনুষ্ঠান শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমের প্রবেশপথে অনার্সবোর্ড উদ্বোধন করেন অভিষেক টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ওই অনার্সবোর্ডে বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারদের নাম লেখা রয়েছে। পরবর্তীতে যারা খেলবেন, তাদের নামও থাকবে এই অনার্সবোর্ডে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন