কাশ্মীরে হামলা

স্থগিত সাফ অ্যাথলেটিকস

স্থগিত সাফ অ্যাথলেটিকস

আগামী ৩ থেকে ৫ মে ভারতের রাঁচিতে হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর। কিন্তু কাশ্মীরে হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, এতে পিছিয়ে গেল সাফের এই আসরটি। গতকাল সাফ অ্যাথলেটিকসের আসর স্থগিত করা হয়েছে। এ টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে ভারতের ভিসার জন্য পাকিস্তানের ৪৩ ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল। কিন্তু পাকিস্তানি অ্যাথলেটদের ভিসা দেয়নি ভারত সরকার। সাধারণত যে ভিসায় ক্রীড়াবিদরা ভারতে খেলার সুযোগ পেতেন, সেই ‘এসভিইএস’ ভিসা গত বুধবারই বন্ধ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে পাকিস্তানিরা ভিসা না পাওয়ায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অ্যাথলেটদের অংশ নেওয়ার কথা ছিল। এরই মধ্যে রাঁচিতে ভুটানের অ্যাথলেটরা পৌঁছে অনুশীলন করছেন। কিন্তু গতকাল টুর্নামেন্ট স্থগিত করা হয়। ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সন্দ্বীপ মেহতার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সাফ অ্যাথলেটিকস স্থগিতের আনুষ্ঠানিক কোনো কারণ জানানো না হলেও বোঝা যাচ্ছে যে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে ভারত ও পাকিস্তানের সম্পর্ক খারাপ হওয়ায় চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ‘আমাদের জানানো হয়েছে সাফ অ্যাথলেটিকস আপাতত স্থগিত। কী কারণে, তা জানায়নি।’ এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটি স্থগিত করা হলো। গত অক্টোবরে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখের কয়েক সপ্তাহ আগে টুর্নামেন্ট স্থগিত করা হয়। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী জুনের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে টুর্নামেন্টটি হতে পারে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন