ভুটান ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে: কাবরেরা

ভুটান ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে: কাবরেরা

সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। হামজা আর সোহেল রানার গোলে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। যেভাবে ভুটান ম্যাচটি খেলতে চেয়েছিলেন কোচ হ্যাভিয়ের কাবরেরা, সেই লক্ষ্য পূরণ হয়েছে তার।

বিজ্ঞাপন

ম্যাচশেষে কাবরেরার বক্তব্য, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যেভাবে আশা করেছিলাম, সেভাবেই ম্যাচটি হয়েছে। শুরুটা দারুণ হয়েছে। কিছু সময় পর সেট পিচ থেকে গোল পেয়েছি। যা আমাদের মানসিকভাবে চাঙা করে দেবে। ১০-১৫ মিনিট আমরা ভালো খেলিনি। তবে আমরা সেখান থেকে ফিরেছি। প্রথমার্ধ ভালো ভাবে শেষ করেছি। এরপর দ্বিতীয় গোলে দারুণ শুরু হয়েছে। আমি মনে করি, আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। নতুন পরিবেশে ও মাঠে প্রত্যেককে কিছু প্লেয়িং টাইম দেওয়া হয়েছে। এটি আরেকটি ক্লিন শিট। খুবই মজার। সেট পিচে ভালো কাজ হয়েছে। আমি মনে করি, এটা একটি পজিটিভ আউটকাম।'

ভুটানের বিপক্ষে খেলার শুরুতে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা। এই মিডফিল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা করে কোচ কাবরেরা বললেন, ‘প্রথমার্ধে হামজা বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে শুরুতে। হামজার মতো লেভেলের খেলোয়াড় মাঠে থাকার দর্শন এটাই। দল ভালো করেছে। দলের অন্যরাও ভালো খেলেছে।’

ফাহামিদুল বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেললেন। তার পারফরম্যান্স কীভাবে মূল্যায়ণ করবেন? কাবরেরা বলেন, ‘শুরুটা করতে সে কিছুটা সময় নিয়েছে। কারণ আবেগ ও উত্তেজনায় এটা হওয়াটাই স্বাভাবিক। তবে তার দুই-তিনটি পাসের ভালো সিদ্ধান্ত ছিল। আমি মনে করি, সে ভালো করেছে। বলের প্রতি সে মনোযোগী ছিল।’

ফাহামিদুলের সঙ্গে তাজ উদ্দিনের বাংলাদেশ দলে অভিষেক হয়েছে। কাবরেরা জানান, ‘তারা নিজের প্রথম ম্যাচে দুজনই ভালো করেছে। আমরা খেলোয়াড়কে সময় দিতে চেয়েছিলাম। আল আমিও ভালো করেছে। আমি তাদের পারফরম্যান্সে খুশি।’

দলের সামগ্রিক পারফরম্যান্সে কী আপনি খুশি? কাবরেরা বলেন, ‘হ্যাঁ, আমি খুশি।’ কাবরেরা আরো জানান, ‘দলের সবাই ম্যাচ পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিয়েছেন। শমিত দলের সঙ্গে ছিলেন। তাকে প্রথম দেখে ইতিবাচক মনে হয়েছে কাবরেরার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন