ধোনীকে ছাড়িয়ে ইংল্যান্ডে পান্তের কীর্তি

ধোনীকে ছাড়িয়ে ইংল্যান্ডে পান্তের কীর্তি

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক কীর্তিতে নাম লেখালেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। প্রথম সফরকারী কিপার-ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রান করার কীর্তি গড়লেন পান্ত। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী মহেন্দ্র সিং ধোনীকে।

মাইলফলকটি ছুঁতে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে তার প্রয়োজন ছিল ১৯ রান। ম্যাচের প্রথম দিন বুধবার ভারতের ইনিংসের ৬১তম ওভারে পেসার ব্রাইডন কার্সকে লং অন দিয়ে সীমানার ওপারে আছড়ে ফেলে এই মাইলফলক স্পর্শ করেন পান্ত। অবশ্য রেকর্ড গড়ার পর ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

২০১৮ সালের অগাস্টে পান্তের টেস্ট অভিষেক ইংল্যান্ডের মাটিতেই। দেশটিতে ২৪ ইনিংসে ৪৪.২৬ গড়ে তার রান এখন এক হাজার ১৮। সেঞ্চুরি ও ফিফটি সমান চারটি করে। চলতি সফরে এখন পর্যন্ত পান্তের রান চার টেস্টের সাত ইনিংসে ৭৭ গড়ে ৪৬২। সেঞ্চুরি ও ফিফটি দুটি করে।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে আটশ রানও নেই আর কোনো সফরকারী কিপার-ব্যাটারের। ২৩ ইনিংসে ৭৭৮ রান করে এই তালিকায় দুইয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। ৩৫ ইনিংসে ৭৭৩ রান করে তিনে অস্ট্রেলিয়ার রড মার্শ। নিজ দেশের বাইরে নির্দিষ্ট কোনো দেশে হাজার রান করা প্রথম কিপার-ব্যাটারও পান্ত।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান করা ষষ্ঠ ভারতীয় ব্যাটার পান্ত। তার আগে এই তালিকায় নাম লেখান লোকেশ রাহুল, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন