প্রেরণা অতীত রেকর্ড

দুবাইতে ভারতের বিপক্ষে তৃতীয় জয়ের খোঁজে পাকিস্তান

দুবাইতে ভারতের বিপক্ষে তৃতীয় জয়ের খোঁজে পাকিস্তান

দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মৃতি বেশ ঝলমলে। মরুর দেশে এর আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের দুবার হারিয়েছে তারা। এবার দুবাইয়ের মাটিতে ভারতকে তৃতীয়বারের মতো হারানোর অপেক্ষায় পাকিস্তান, এমনটাই জানিয়েছেন দলটির তারকা পেসার হারিস রউফ।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার (২০ ফেব্রুয়ারি) ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকার জন্য আসন্ন ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের জন্য। এমন সমীকরণে অতীত রেকর্ড প্রেরণা জোগাচ্ছে পাকিস্তানকে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে মোট পাঁচবার ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। এর মধ্যে তিনবারই জয়ের দেখা পায় ম্যান ইন গ্রিনরা। তবে দুবাইয়ের মাঠ হওয়ায় বাড়তি প্রেরণা পাচ্ছে তারা।

দুবাইয়ে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। এরপর ২০২২ এশিয়া কাপের ম্যাচে প্রতিবেশী দেশটিকে ৫ উইকেটে হারায় তারা।

আরও একবার ভারতের বিপক্ষে দুবাইয়ের মাটিতে খেলতে নামার আগে রউফ বলেন, ‘দুবাইয়ে ইতোমধ্যে আমরা দুবার ভারতের বিপক্ষে জিতেছি। এবার সেটাকে তিনে পরিণত করতে চাই। সে লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। জয়ের জন্য আমরা বেশ আত্মবিশ্বাসী। দারুণ এক লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’

নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারের স্মৃতি ভুলে যেতে চান রউফ, ‘হার দিয়ে আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছে। সেটা এখন অতীত। আমাদের পুরো মনোযোগ এখন পরের ম্যাচের দিকে। প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেসবের পুনরাবৃত্তি যেন না হয় সে চেষ্টাই করব। ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বাঁচা মরার লড়াই। সেমিফাইনালে টিকে থাকার জন্য ম্যাচটিতে আমাদের জন্য জয়ের বিকল্প নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন