মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই

ভুটান থেকে ফিরলেন ঋতু, মারিয়া ও মনিকা

ভুটান থেকে ফিরলেন ঋতু, মারিয়া ও মনিকা

আগামী ২৯ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের খেলা। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এই বাছাই পর্ব সামনে রেখে নারী দলের প্রস্তুতি ক্যাম্প চলছে। এরই মধ্যে গতকাল ভুটান লিগ খেলে দেশে ফিরেছেন তিন নারী ফুটবলার- ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মারিয়া মান্দা। তবে টিকিট জটিলতায় দেশে ফিরতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। দেশে ফিরে ঋতুপর্ণা জানালেন, ২১ জুন দেশে ফিরতে পারেন শামসুন্নাহার।

ভুটান লিগে খেলা পাঁচ খেলোয়াড়কে ক্যাম্পে ডেকেছেন কোচ পিটার বাটলার। এর মধ্যে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ফেরার পর গোলরক্ষক রুপনা চাকমার খেলা না থাকায় আর ভুটানে যাননি। তবে ভুটান লিগে খেলা সাবিনা খাতুনসহ আরো পাঁচ অভিজ্ঞ ফুটবলারকে দলে ডাকেননি ইংলিশ কোচ। গত জানুয়ারিতে কোচের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছিলেন সাবিনারা।

বিজ্ঞাপন

এ নিয়ে নানা নাটকীয়তা শেষে কোচের অধীনে খেলতে রাজি হন নারী ফুটবলাররা। তবে সাবিনাদের দলে আর ডাকেননি কোচ বাটলার। হয়তো তাদের ছাড়াই মিয়ানমারে খেলতে যাবে বাংলাদেশ নারী। এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে জর্ডানে তিন জাতির ফুটবল টুর্নামেন্টে ফিফা র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে এই পারফরম্যান্স তাদের উজ্জীবিত রাখছে।

এছাড়া সম্প্রতি বাংলাদেশ নারী দল ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে। ১৩৩ থেকে ১২৮ অবস্থান উঠে এসেছে বাংলাদেশ। এই অর্জনও মেয়েদের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে। আসন্ন বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য আফঈদা খন্দকারদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন