চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে মাদ্রিদের দলটি। বার্সেলোনার সামনে সুযোগ ছিল সেই পথেই থাকার। তবে রায়ো ভায়েকানোর সঙ্গে ১-১ গোলের ড্রতে পয়েন্ট খুইয়ে টেবিলের চারে নেমে এলো প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে ফ্রান পেরেসের গোলে সমতা ফেরায় ভায়োকানো।
ম্যাচে ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে। অন্য দিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভায়েকানো গোলের জন্য ১৩ শট নিয়ে সাতটি রাখে লক্ষ্যে। বার্সেলোনাকে রক্ষা করেন তাদের গোলরক্ষক গার্সিয়া। ছয়টি চমৎকার সেভে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন।
ষষ্ঠ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় বার্সেলোনা। তবে রাফিনহার শট লক্ষ্যে থাকেনি। পেনাল্টি স্পটের কাছে তখন সম্পূর্ণ অরক্ষিত ছিলেন ফেরান তরেস! ছয় মিনিট পর গোলের সুযোগ মিস করেন ভায়েকানোর আলভারো গার্সিয়া। ২৬ মিনিটে দানি ওলমোর শট ঝাঁপিয়ে ফেরান আগুস্তো বাতাইয়া। ৪০তম মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ পান ওলমো। ডি বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। বার্সেলোনাকে বেশ চাপে রাখা ভায়েকানো ম্যাচে সমতা ফেরায় ৬৭ মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জড়ায় জালে। এরপর দুই দলের আর কেউ গোল না পাওয়ায় পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়।
এই ড্রয়ে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চারে আছে বার্সেলোনা। টানা তিন জয়ে প্রথম দুটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

