তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকা

তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকা

নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করার ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মোসাম্মৎ সাগরিকা। লাল কার্ডের কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এই ফরোয়ার্ড। পাশাপাশি তাকে ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। ফলে ভুটানের বিপক্ষে গত দুই ম্যাচে এই ফুটবলারকে দলে পাওয়া যায়নি। ২১ জুলাই নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে ফিরবেন সাগরিকা।

সাগরিকাকে সাফের দেওয়া বড় শাস্তিতে রীতিমতো বিস্মিত ফুটবল সংশ্লিষ্টরা। কেননা লাল কার্ড পেলে সাধারণত একজন ফুটবলার এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তাছাড়া এটি সাফের বয়সভিত্তিক একটি টুর্নামেন্ট। আর এখানে ফুটবলারের এমন কঠিন শাস্তি দেওয়ার ঘটনাটি যুক্তিসংগত নয় বলেই মত অনেকের। সাগরিকার এমন শাস্তিতে ফুটবল ফেডারেশনও অবাক। তবে তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করছে না বাফুফে। তবে সাগরিকাকে করা জরিমানার ৫০০ ডলার বাফুফেই পরিশোধ করবে।

বিজ্ঞাপন

নেপালের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে ঘটনাটি ঘটেছিল। সাগরিকাকে বাধা দিয়েছিলেন নেপালের ডিফেন্ডার সিমরান। একপর্যায়ে মেজাজ হারিয়ে সাগরিকাকে আঘাত করে বসেন এই ফুটবলার। পরে সাগরিকাও হাতাহাতিতে জড়ান। যেহেতু ঘটনার সূত্রপাত আগে ঘটিয়েছেন নেপালের খেলোয়াড়- তারই বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। কিন্তু সেটি না করে সমান তিন ম্যাচ করে দুই জনকেই নিষিদ্ধ করল সাফ। তাতে আরো একটি বিতর্কিত ঘটনার জন্ম দিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন