রিজানের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারাল যুবারা

রিজানের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারাল যুবারা

প্রথমে রিজান হোসেন করলেন দারুণ এক সেঞ্চুরি। এরপর বল হাতে চমক দেখালেন সামিউন বাসির রাতুল। তাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে চারে নামা রিজান খেলেন ১০১ বলে ১০০ রানের ইনিংস। তার ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১টি ছয়। রিজানের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়ার পথে ৮৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন কালাম সিদ্দিকী। জাওয়াদ আবরার করেন ৪০। তাতে ৪৯.২ ওভারে ২৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বিজ্ঞাপন

এই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের যুবাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। সামিউন বাসিরের স্পিনের সামনে দিশেহারা হয়ে যায় তারা। ইংল্যান্ডের আশা-ভরসা হয়ে ছিলেন আইসাক মোহাম্মদ। ওপেনিংয়ে নামা এই ব্যাটার আউট হওয়ার আগে ৭ ছক্কায় ৫৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করে যান।

আইসাক আউট হতেই এলোমেলো হয়ে যায় ইংল্যান্ড। তাদেরকে চেপে ধরে আজিজুল হাকিম তামিমের দল। সামিউন বাসিরের বাঁহাতি স্পিনে একের পর এক উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় দলটি। সামিউন ৪.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রানে নেন ৪ উইকেট।

সিরিজের পরের ম্যাচ ৭ সেপ্টেম্বর। অন্য ম্যাচগুলো যথাক্রমে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ৪৯.২ ওভারে ২৯২ (রিজান ১০০, কালাম ৬৮, জাওয়াদ ৪০, আল–আমিন ২৫; মিন্টো ৫/৬৮, বায়রন ৩/৪৯)।
ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল: ৩২.২ ওভারে ২০৫ (আইসাক ৭৫, বেনিসন ৩৬, রিউ ২৫; সামিউন ৪/৯, স্বাধীন ২/৪০)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ৮৭ রানে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন