জার্মানিকে হারিয়ে স্পেন ফাইনালে উঠতেই সমীকরণ হাজির হয়ে যায়। ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২৫ সালের আসরের ফাইনালে ইংল্যান্ড পেয়ে যায় স্পেনকে। যাদের বিপক্ষে ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা খোয়াতে হয় ইংলিশ মেয়েদের। ফিরতি দেখাতে এবারের লড়াইটা ইংলিশ মেয়েদের জন্য হয়ে দাঁড়িয়েছে প্রতিশোধের। এদিকে, প্রথমবার ফাইনালে ওঠা স্পেনের জন্য ইতিহাসের হাতছানি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব স্টেডিয়ামে ফাইনালের মহারণে নামবে ইউরোপের দুই পরাশক্তি।
সেমিফাইনালে ইংল্যান্ড হারিয়েছে ইতালিকে। কেলির ১১৯ মিনিটের গোলে ২-১ ব্যবধানে জয় পায় ইংলিশ মেয়েরা। এদিকে, আইতানা বোনমাতির ১১৩ মিনিটের গোলে ইউরোর ইতিহাসে অন্যতম সফল দল জার্মানিকে ১-০ গোলে হারায় স্পেন। দুদলই ফাইনালে উঠেছে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের গোলে। শিরোপা মঞ্চেও তাই জমজমাট লড়াই হবে বলেই ধরে নেওয়া যায়।
অবশ্য পরিসংখ্যানের পাতা এগিয়ে রাখছে স্পেনকে। সবশেষ পাঁচ ম্যাচের সবকটি জিতে ফর্মের চূড়ায় রয়েছে স্প্যানিশ মেয়েরা। অন্যদিকে, সমান পাঁচ ম্যাচে তিন জয়ের সঙ্গে এক হার ও ড্র ইংলিশ মেয়েদের। হেড টু হেড লড়াইয়ে দুদলের ১৯ বারের দেখায় এগিয়ে ইংল্যান্ড। তাদের জয় আট ম্যাচে। স্পেন জিতেছে পাঁচটি; ছয়টি ড্র হয়েছে।
ফাইনালে চোখ রাখতে হবে ইংল্যান্ডের এলা টুনি ও স্পেনের এস্থার গনজালেজের দিকে। চলমান আসরে এখন পর্যন্ত চার গোল করেছেন টুনি। সে সঙ্গে নিয়ন্ত্রণ করছেন মাঝমাঠ। অন্যদিকে, গনজালেজও সমান চার গোল করে নেতৃত্ব দিচ্ছেন স্পেনের আক্রমণভাগকে। যার ফলে ফাইনালে হতে পারেন ইংলিশদের হুমকি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

