নিশাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন

নিশাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন

সারা দিনে লঙ্কানদের উইকেট পড়ল মাত্র দুটি। লঙ্কানরা তুলল ২৯০ রান। সেঞ্চুরি করলেন পাথুম নিশাঙ্কা, নব্বইয়ের ঘরে রান করলেন দিনশ চান্দিমাল। তাতে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রান পেরিয়ে ৪৩ রানের লিড নিলো শ্রীলঙ্কা। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটার নিশাঙ্কা (১৪৬) ও প্রবাথ জয়াসুরিয়া (৫)।

বিজ্ঞাপন

কলম্বোতে প্রথম দিনেই ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালটা ছিল বোনাসের মতো। রান যা আসে তাই লাভ! সুযোগ লুফে নিলেন তাইজুল। তার ৩৩ রানের বদৌলতে প্রথম দিনের ২২০ রানের সঙ্গে দ্বিতীয় দিনে সকালে আরো ২৭ রান যোগ করে বাংলাদেশ। ইনিংস গিয়ে ঠেকে ২৪৭ রানে। সর্বোচ্চ রান সাদমানের ৪৬।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সমানে ছড়ি ঘুরিয়ে গেছেন পেসার-স্পিনাররা। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা। ২টি উইকেট দখল করেন বিশ্ব ফার্নান্দো। ১টি করে উইকেট নেন থারিন্দু রত্নায়েকে ও ধনঞ্জয়া ডি সিলভা। লঙ্কান বোলারদের এই দাপটে আশাবাদী হয়ে উঠেছিল বাংলাদেশের বোলাররাও। কিন্তু উইকেট তো ব্যাটিংবান্ধব। বাংলাদেশ উইকেট উপহার দিলেও সেই পথে গেল না লঙ্কানরা।

উদ্বোধনী জুটিতেই নাহিদ-ইবাদতদের নাভিশ্বাস তোলেন দুই লঙ্কান ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা। বাংলাদেশের ধারহীন বোলিংয়ের সামনে ‘বাজবল’ স্টাইলে ব্যাট চালিয়েছেন দুজন। প্রথম সেশনেই কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। লাঞ্চের পর ৪০ রান করে উদারা আউট হলেও পথ হারায়নি তারা। একই পথ ধরে চান্দিমালকে নিয়ে এগিয়ে যান নিশাঙ্কা। দুজনই তুলে নেন ফিফটি।

চা বিরতির পর এসে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর কলম্বোতেও করলেন পুনরাবৃত্তি। ১৬৭ বলে ১২ চারের মারে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক তুলে নেন। চান্দিমালও ছিলেন একই পথে। তবে তাকে ৯৩ রানে থামান নাঈম। এরপর আর কোনো বিপদ ছাড়াই বাকি সময় পার করে লঙ্কানরা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস:
৭৯.৩ ওভারে ২৪৭ (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১; দিনুশা ৩/২২, আসিতা ৩/৫১)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিশাঙ্কা ১৪৬*, চান্ডিমাল ৯৩, উদারা ৪০; নাঈম ১/৪৫, তাইজুল ১/৯০)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন