স্প্যানিশ লা লিগায় শনিবার দিবাগত রাতে অলিম্পিক লুইস স্টেডিয়ামে ওসাসুনার মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু স্বাগতিকদের মূল দলের চিকিৎসক কার্লোস মিনেরো গার্সিয়ার মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয়েছে। স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ পরবর্তীতে ম্যাচটির জন্য নতুন তারিখ ঘোষণা করবে।
বার্সা ও ওসাসুনার ম্যাচটি শুরু হওয়ার পথেই ছিল। একাদশ ঘোষণার পর গা গরম করতে মাঠে নেমেছিল দুদলের ফুটবলাররা। ম্যাচ শুরুর মিনিট বিশেক আগে স্টেডিয়ামের মাইকে মিনেরোর মৃত্যু সংবাদ শোনা যায়। একই সঙ্গে ম্যাচটি স্থগিতের বিষয়টিও জানানো হয়।
নিজেদের চিকিৎসকের মৃত্যুতে এক বিবৃতিতে বার্সা লিখেছে, ‘মূল দলের চিকিৎসক কার্লোস মিনেরো গার্সিয়ার মৃত্যুতে বার্সা শোক প্রকাশ করছে। কঠিন সময়ে তার কাছের মানুষদের জন্য ক্লাবের পরিচালনা পর্ষদ ও স্টাফরা সমবেদনা জানাচ্ছে। মিনেরোর মৃত্যুতে ওসাসুনার সঙ্গে বার্সার ম্যাচটি স্থগিত করা হয়েছে।’
ম্যাচ স্থগিত হলেও সেটা পয়েন্ট টেবিলে বার্সার জন্য নেতিবাচক প্রভাব ফেলেনি। ২৬ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই অবস্থান করছে তারা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদের অবস্থান তিনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

