ব্রিজটাউনে লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। ওয়েস্ট ইন্ডিজ থেকে অস্ট্রেলিয়া, কেউ যেন কাউকে ছাড় দিতে চাচ্ছে না। মাঠের লড়াইয়ে প্রতাপ দেখিয়ে যাচ্ছে দুদলের পেসাররা। প্রথম টেস্টের প্রথম দুই দিন পড়া ২৪ উইকেটের মধ্যে ২৩টি গেছে পেসারদের পকেটে। অস্ট্রেলিয়াকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে ক্যারিবীয়রা থেমেছে ১৯০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের উইন্ডিজ পেসারদের তোপ সামলাতে হচ্ছে অজি ব্যাটারদের। দ্বিতীয় দিন শেষে ৯২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।
অন্যদিকে বল হাতে ৬২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। টেস্টের ইতিহাসে অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি। ইতিহাস গড়ার পথে রিচি বেনোকে পেছনে ফেলেছেন কামিন্স। অধিনায়ক হিসেবে টেস্টে তার উইকেট সংখ্যা এখন ১৩৯।
দুদলের লড়াই ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আম্পায়ারিং বিতর্ক। দ্বিতীয় দিনে মাঠের আম্পায়ারের দুটি সিদ্ধান্ত মানতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বল ব্যাটে লাগার পরও রোস্টন চেজের বিপক্ষে এলডবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অ্যালেক্স কেরি ক্যাচ নেওয়ার সময় বল স্পর্শ করেছে মাঠের ঘাসে। তারপরও আউট দেওয়া হয়েছে শাই হোপকে। টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক দুটি ব্যাপারে অস্ট্রেলিয়ার পক্ষে রায় দেন। দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার এ আম্পায়ারের সিদ্ধান্তগুলো নিয়ে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে অভিযোগ জানিয়েছেন অসন্তুষ্ট ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৮০/১০ ও দ্বিতীয় ইনিংস: ৯২/৪, ৩৪.৩ ওভার (ওয়েবস্টার ১৯ ব্যাটিং, হেড ১৩ ব্যাটিং, গ্রিন ১৫, খাজা ১৫; শামার ১/১৬ ও সিলস ১/২৪)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৯০/১০, ৬৩.২ ওভার (শাই ৪৮, চেজ ৪৪; স্টার্ক ৩/৬৫ ও ওয়েবস্টার ২/২০।
* দ্বিতীয় দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

