সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল। ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৩৩ থেকে ১২৮ নম্বরে উঠে এসেছে তারা। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫।
সম্প্রতি জর্ডানে তিন জাতির নারী ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে আফঈদা খন্দকাররা। এই পারফরম্যান্সের সুবাদে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।
গত ৩১ মে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশের মেয়েরা। এরপর ৩ জুন ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে কোচ পিটার বাটলারের দল। এই দুই ম্যাচে ভালো খেলায় গত ছয় বছরের মধ্যে র্যাংকিংয়ে সেরা অবস্থানে এখন বাংলাদেশ।
এর আগে ২০১৯ সালের মার্চে ১২৭ নম্বরে উঠে এসেছিল তারা। কিন্তু ২০২২ সালে সর্বনিম্ন ১৪৭ নম্বরে নেমে যায় বাংলাদেশ। নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ ১০০তম অবস্থান করে। নারী ফুটবল র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দুই ও তিনে রয়েছে স্পেন ও জার্মানি। চার নম্বরে উঠে এসেছে ব্রাজিল। আর্জেন্টিনা রয়েছে ৩২তম অবস্থানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

