উইম্বলডনের অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য সুখবর দিয়েছে আয়োজকরা। খবর শুনে খেলোয়াড়দের হাসিটা নিশ্চিত বেশ চওড়া হয়েছে। কেননা মেজর গ্র্যান্ড স্ল্যাম আসরটির প্রাইজমানি বেড়েছে ৭ শতাংশ। এক দশক আগে যে প্রাইজমানি ছিল, সে তুলনায় এবারের প্রাইজমানি হবে দ্বিগুণ। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই মেজর টেনিস টুর্নামেন্টে এবার প্রাইজমানি থাকছে মোট ৫ কোটি ৩৫ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৮৮ কোটি ১৮ লাখ টাকা। একক ইভেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়ের অ্যাকাউন্টে জমা পড়বে ৩০ লাখ পাউন্ড (প্রায় ৪৯ কোটি ৮০ লাখ টাকা)। উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) নিশ্চিত করে এ খবর। একক ইভেন্টের প্রথম রাউন্ডে হারলেও একজন খেলোয়াড় পুরস্কার পাবে ৬৬ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ৯ লাখ টাকা)। তার মানে লন্ডনের এ আসরে অংশ নিলেই কোটিপতি হয়ে যাবেন একজন খেলোয়াড়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

