বড় জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আবাহনী

স্পোর্টস রিপোর্টার

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আবাহনী

প্রিমিয়ার লিগে অসাধারণ খেলছে আবাহনী লিমিটেড। শুধ দেশি ফুটবলারদের নিয়ে দল গঠন করে চমক দেখিয়ে যাচ্ছে পেশাদার লিগের সবচেয়ে সফল দলটি। গতকাল আরও একটি ম্যাচে জয়োৎসব করেছে আবাহনী। তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে তারা। টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৫। লিগে ৭ ম্যাচ খেলে পঞ্চম জয় পেল আকাশি-হলুদ জার্সিধারীরা। অন্যদিকে, টানা ৭ ম্যাচেই জয়ের রেকর্ড গড়েছে মোহামেডান। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ।

বিজ্ঞাপন

ময়মনসিংহের মাঠে আবাহনীর বড় জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। জোড়া গোল উপহার দিয়েছেন এই মিডফিল্ডার। এছাড়া এনামুল ইসলাম গাজী ও আসাদুল মোল্লাও গোল পেয়েছেন। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন ইব্রাহিম। বাঁ প্রান্ত দিয়ে দুজনকে কাটিয়ে গোলবক্সে ঢুকে পড়েন এই মিডফিল্ডার। কিন্তু চট্টগ্রাম আবাহনীর ফজলে রাব্বি তাকে বক্সের মধ্যে ফাউল করে বসেন। ৫১ মিনিটে আবারও আনন্দের উপলক্ষ পায় আবাহনী। গোছানো আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এনামুল। ৬৬ মিনিটে আরও একটি গোল পান ইব্রাহিম। কর্নার থেকে উড়ে বল ক্লিয়ার করতে পারেননি চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা। ফিরতি বলে আলতো প্লেসিং শটে গোল করেন ইব্রাহিম। ৭১ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন আসাদুল। ম্যাচের বাকি সময় কজন খেলোয়াড়কে পরখ করে দেখেন আবাহনীর কোচ মারুফুল হক। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইব্রাহিম। ফেডারেশন কাপের ম্যাচে দারুণ খেলেছিলেন তিনি। সেবারও ম্যাচসেরার পুরস্কার পান ইব্রাহিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন