বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে দারুণ সূচনা করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারায় ওয়ান্ডারার্সকে। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিল মতিঝিলপাড়ার দলটি। লিগে ১০ ম্যাচ খেলে মোহামেডানের অর্জন সর্বোচ্চ ২৭ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা আবাহনীর অর্জন ২০ পয়েন্ট। একই দিন ফর্টিস এফসি ৩-১ গোলে হারায় রহমতগঞ্জকে। ফর্টিসের অর্জন এখন ১৪ পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরেই রয়েছে রহমতগঞ্জ। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লিগ শুরু করেছিল মোহামেডান। আবারো মাঠের লড়াইয়ে দাপট দেখাল কোচ আলফাজ আহমেদের দলটি। এবার প্রথম গোল পেতে তাদের ৩৮ মিনিট অপেক্ষা করতে হয়েছে। দৃষ্টি নন্দন ফ্রি কিকে গোল করেন মোজাফফর। ৮১ ও ৮৯ মিনিটে আরো দুটি গোল পায় মোহামেডান। বক্সে বল পেয়ে সুযোগের সদ্বব্যবহার করেন মিডফিল্ডার রাহিম। আড়াআড়ি ক্রসে বল শাকিলের দিকে উড়ে এসেছিল। কিন্তু বলের নাগাল পাননি। বলে চলে যায় সুলেমান দিয়াবাতের কাছে। গোলের সুযোগ মিস করেননি মালির এই স্ট্রাইকার। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোজাফফর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

