ব্র্যাক ব্যাংক নারী ডেভলপমেন্ট কাপ হকি ২০২৫ টুর্নামেন্টের ফাইনালে ফেভারিট ছিল বিকেএসপি। প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। শনিবার (২২ মার্চ) মাওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ জেলাকে ৮-০ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বিকেএসপি। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যশোর জেলা ৪-০ গোলে হারায় রাজশাহীকে।
হকিতে বিকেএসপি দাপট দেখাচ্ছে। এই টুর্নামেন্টেও ব্যতিক্রম হয়নি। ফাইনাল ম্যাচ একপেশে করে জিতল তারা। ফাইনাল ম্যাচের প্রথম কোয়ার্টারে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতিতে যাওয়ার আগে স্কোর লাইন দাঁড়ায় ৫-০। শেষ দুই কোয়ার্টারে আরো ৩ গোল আদায় করে নেয় বিকেএসপির মেয়েরা। বিকেএসপির পক্ষে হ্যাটট্রিক করেন অধিনায়ক অর্পিতা পাল ও আইরিন আক্তার রিয়া। এছাড়া জাকিয়া আফরোজ লিমা ও তন্নী খাতুন গোল করেন। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০টি গোল করেন অর্পিতা। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন কিশোরগঞ্জ জেলার ফারদিয়া আক্তার রাত্রি। টুর্নামেন্টে মোট ১১টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে। ফাইনাল ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসপি। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.), যুগ্ম সম্পাদক কাজী আবু জাফর তপন, টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু ও ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

