এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি দলের দুই তারকা খেলোয়াড় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। এ নিয়ে প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনেও। তিরের বেগে ছুটে আসা প্রশ্নের জবাবে ভিমরুলের হুল ফোটানোর মতো করেই উত্তর দিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। সাফ জানিয়ে দিলেন, স্ট্রাইক রেটের কারণেই এশিয়া কাপের দলে জায়গা হয়নি দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়ের।
সংবাদ সম্মেলনে হেসনের উদ্দেশে প্রশ্নটি ছিল, ‘বাবর-রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ প্রকাশ্যে বলার সাহস আছে আপনার?’ পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে দুই অভিজ্ঞ ব্যাটারের বাইরে থাকার ১০ মাসে তাদের নিয়ে প্রশ্ন অনেকবারই শুনেছেন হেসন। এবার উত্তর দিলেন ধীরে-সুস্থে, ‘ক্রিকেটারদের নিয়ে নিজের মূল্যায়নে সৎ থাকা জরুরি। সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকাও খুবই গুরুত্বপূর্ণ। আমি তো কারো দুর্বলতা নিয়ে কোনো কথা বলিনি। আমি বরাবরই বলে আসছি যে, আধুনিক ক্রিকেটে স্ট্রাইক রেট ঠিক রেখে খেলার প্রয়োজন হয়, বিশেষ করে ভালো কন্ডিশনে।’
এদিকে প্রশ্ন উঠছে, দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতিতে পাকিস্তানের বর্তমান দলের ব্যাটারের অধারাবাহিকতা নিয়ে। সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফাখার জামান, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিসের মতো প্রতিভাবান ব্যাটসম্যানরা কেউই খুব ধারাবাহিক হতে পারছেন না। সেটি মানছেন হেসনও। তবে এদের প্রতিভা ও সম্ভাবনার দিকটিও তুলে ধরেছেন, ‘এই ব্যাটিং লাইনআপ মাত্র গড়ে উঠছে। বেশ কজন ব্যাটসম্যান আছে, যারা নিজেদের দিনে একাই ম্যাচ জেতাতে পারে। তবে এই মুহূর্তে সেটা হচ্ছে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

