পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের

পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের

ভারত-পাকিস্তানের উত্তাপে সম্পর্কের কথা কারো অজানা নয়। ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে গেছে উত্তাপের রেশ। যার জের ধরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল ভারত। অবশেষ এই আসর ঘিরে বরফ গলেছে। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির বিপক্ষে খেলতে ভারত ক্রিকেট দলের কোনো বাধা নেই বলে জানিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়।

ভারতের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের জন্য দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালায় দুই দলের দ্বিপক্ষীয় ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে বাধা থাকলেও বহুদলীয় ইভেন্টের ক্ষেত্রে কোনো বাধা রাখা হয়নি।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘একে অন্যের দেশে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্ট প্রসঙ্গে বলা হচ্ছে, ভারতীয় দলগুলো পাকিস্তানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। আমরা পাকিস্তানি দলগুলোকেও ভারতে খেলার অনুমতি দেব না। ভারতে বা বিদেশে আন্তর্জাতিক এবং বহুপক্ষীয় ইভেন্টের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এবং আমাদের নিজস্ব ক্রীড়াবিদদের স্বার্থে চলি।’

আরো বলা হয়েছে, ‘সেই অনুযায়ী, ভারতীয় দল এবং তাদের খেলোয়াড়রা এমন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করবে যেখানে পাকিস্তানেরও দল বা খেলোয়াড়রা থাকবে। একইভাবে পাকিস্তানি খেলোয়াড় এবং দলগুলোও ভারত আয়োজিত বহুজাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।’

ভারতে আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড়রা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সেজন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। এরপর অগ্রগতির ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বরেও তাদের দেখা হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন