দশজন নিয়ে সোসিয়েদাদকে হারাল রিয়াল

দশজন নিয়ে সোসিয়েদাদকে হারাল রিয়াল

প্রথমার্ধে দারুণ খেলল রিয়াল মাদ্রিদ। এরপর ১০ জনের দলে পরিণত হলো। এর আগে-পরে করলো দুই গোল। এরপর রক্ষণ আগলে থাকল শক্ত করে। তাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচটিতে জাভি আলোনসোর দলের জয় ২-১ গোলের ব্যবধানে।

রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা প্রথমে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন। এরপর আর্দা গিলেরের গোলেও অবদান রাখেন তিনি। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন মিকেল ওরজাবাল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সোসিয়েদাদের জালে বল পাঠান গিলের। তবে বিল্ডআপের সময় এমবাপে অফসাইডে থাকায় গোল মেলেনি। ১২তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে সোসিয়েদাদের একজনের ব্যাকপাস পেয়ে আরেকজনকে ছিটকে ফেলে বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন ফরাসি তারকা। চার ম্যাচে এমবাপের গোল হলো চারটি।

৩২তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। মাঝমাঠের কাছে সোসিয়েদাদের ওইয়ারসাবালকে পেছনে থেকে ঘাড় ধরে টেনে ফেলে দেন সেন্টার-ব্যাক হাউসেন। তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রিয়াল ক্যারিয়ারে আট ম্যাচে দুটি লাল কার্ড দেখলেন হাউসেন।

এরপর ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গিলের। দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে ব্যবধান কমান ওরজাবাল। বক্সে কার্ভাহালের হ্যান্ডবলের জন্য পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৮৪তম মিনিটেদলকে রক্ষা করেন বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া। এগিয়ে এসে আরও একবার ওরজাবালের প্রচেষ্টা রুখে দেন তিনি।

এই জয়ে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে সোসিয়েদাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন