আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে আরেকবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে চান সাবেক অধিনায়ক জাহানারা আলম। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই পেসার আবারও ক্রিকেটে ফেরার আগ্রহ জানিয়ে যোগাযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, জাহানারা তাঁর ফিরে আসার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়েছেন। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ফিরতে চান। তাঁর লক্ষ্য, মাঠে থেকেই পেশাদার ক্রিকেটজীবনের ইতি টানা।
বিসিবির এই পরিচালক বলেন, জাহানারা তাঁদের সঙ্গে যোগাযোগ করে খেলায় ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলে অবসর নেওয়ার ইচ্ছা থেকেই নিজেকে ফিট রেখেছেন বলেও জানিয়েছেন তিনি। বাবুর মতে, ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা বা দলীয় বিভাজনের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি।
২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন জাহানারা। এরপর ২০২৫ সালের শুরুর দিকে মানসিকভাবে প্রস্তুত না থাকার কথা জানিয়ে অনির্দিষ্টকালের বিরতি নেন তিনি। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই তাঁকে দেখা যায়নি।
জাহানারা ২০২৫ সালের নভেম্বরে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করে বিসিবি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জাহানারাকে ঘিরেও দেশের ক্রিকেটে আলোচনা তৈরি হয়েছিল।
এখন আবারও মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। তবে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার অপেক্ষা। জাতীয় দলের হয়ে শেষবারের মতো খেলার স্বপ্ন পূরণ করতে পারবেন কি না, তা নির্ভর করছে বোর্ডের পরবর্তী পদক্ষেপের ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

