কুমিল্লা নগরীতে আবু কাউছার (৪৩) নামে এক যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আবু কাউছার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তার বাড়ি নগরীর কাপ্তানবাজার এলাকায়। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর অনুসারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউছার জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার সকালে বন্ধু শামীমের কেনা জমি দেখতে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় যান তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব 'আমার দেশ'-কে বলেন, ‘নন্দীরবাজার এলাকার তৌহিদুল ইসলামসহ আরো কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত। জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ বিষয়ে একটি সালিসি বৈঠক হওয়ার কথা ছিল।’
এদিকে, যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা দেখা দেয়। এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউসারের অনুসারীরা আদর্শ সদর উপজেলার নন্দীরবাজার এলাকার তৌহিদুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

