মিরপুরে শোক পালন

মিরপুরে শোক পালন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে শোক পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে পালন করা হয় এক মিনিটের নীরবতা। দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়ালসসহ মাঠে উপস্থিত সকল দর্শক এই নীরবতা পালন করেন।

ম্যাচ শুরুর আগে গাওয়া হয়নি জাতীয় সঙ্গীত। পাশাপাশি দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসরা কালো আর্মব্যান্ড নিয়ে মাঠে নামেন। এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সকল ভেন্যুতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয়। প্রশিক্ষণার্থী পাইলটসহ গতকাল বিকাল ৬ টা পর্যন্ত এই ট্র্যাজেডিতে ৩১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া দূর্ঘটনায় আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও ১৬৫ জন।

এমন শোকাবহ পরিস্থিতির মধ্যেও হাউজফুল হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের গ্যালারি। তবে অন্য সময়ে গ্যালারিতে যেমন উচ্ছ্বাস চোখে পড়ে, তেমন কিছু গতকাল দেখা যায়নি। এমন কী মাঠের বাইরে উপস্থিত থাকা দর্শকদের মধ্যেও তেমন কোনো উচ্ছ্বাসের দেখা মেলেনি। দ্বিতীয় ম্যাচে টস হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা সবাই জানি গতকাল (গত পরশু) যা হয়েছে এটা সুখকর হয়। এটা সহজে গ্রহণ করা যায় না। আমরা ভারাক্রান্ত মন নিয়ে আজ (গতকাল) খেলতে নেমেছি। আপনি জানেন, আমিও একজন পিতা। আমি এই অনুভূতি বুঝি। সবাই অনেক ভারাক্রান্ত হয়ে আছে এবং সবাই এই মুহূর্তে অনেক বেশি আবেগাক্রান্ত। এই মুহূর্তে আমরা শুধু প্রার্থনা করতে পারি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন