ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই আলাদা এক রোমাঞ্চ। আইসিসির ইভেন্ট হলে তো কথাই নেই। লড়াই শুধু মাঠেই জমে উঠে না। মাঠের বাইরে কথার লড়াইও হয়ে উঠে জমজমাট। চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী করে মাঠের বাইরের সেই লড়াই জমিয়ে তুলেছেন দেশ দুটির সাবেক চার তারকা ক্রিকেটার। ভারতের নভজ্যোত সিং সিধু ও যুবরাজ সিং আর পাকিস্তানের ইনজামাম-উল-হক ও শহিদ আফ্রিদি।
স্নায়ুক্ষয়ী এ ম্যাচ নিয়ে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে চার জনকে করা হয় ছয়টি প্রশ্ন। ক্রিকেটের এই ধ্রুপদি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হবেন- এ প্রশ্নে যুবরাজ সিংয়ের পছন্দ শুবমান গিল। সিধু বেছে নিয়েছেন রোহিত শর্মাকে। এক্ষেত্রে আফ্রিদি ও ইনজামামের পছন্দ একজনই, তাদের স্বদেশি বাবর আজম।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মহারণে সবচেয়ে বেশি উইকেট শিকারি হবেন কে? যুবরাজের বাজি মোহাম্মদ শামি। সিধু কোনো নির্দিষ্ট বোলারকে বেছে নেননি। তবে সাবেক এ ভারতীয় ক্রিকেটারের মতে, ভারতের কোনো স্পিনারই এ ম্যাচে বেশি উইকেট পাবেন না। এই প্রশ্নে আফ্রিদি ও ইনজামামের উত্তরটা ভিন্ন। আফ্রিদি আস্থা রেখেছেন নিজের জামাতা পেসার শাহিন শাহ আফ্রিদির ওপর। ইনজামাম উইকেটের ঝুলি দেখতে পাচ্ছেন আরেক পেসার হারিস রউফের সামনে।
ম্যাচের টার্নিং পয়েন্টে দ্যুতি ছড়াবেন কে? যুবরাজ বলন হার্দিক পান্ডিয়ার কথা। আর সিধুর পছন্দ ঋষভ পন্তে। আফ্রিদি বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে। ইনজামাম বিশ্বাস রেখেছেন ব্যাটিং পাওয়ার প্লেতে পাকিস্তানের অন্যতম ভরসা ফখর জামানের ওপর।
কোন তরুণ ক্রিকেটার এবার সবার নজর কাড়বেন? উত্তরে বরুণ চক্রবর্তী কেড়ে নিয়েছেন সিধুর চোখ। যদিও এ স্পিনারের বয়স ৩৩ বছর। তবে এবারও যুবরাজের নজর কেড়েছেন গিল। আফ্রিদি ও ইনজামামের ভরসা কেবল সৌদ শাকিল।
মাঠের লড়াইয়ে কে আধিপত্য বিস্তার করবেন- শামি, না শাহিন? আফ্রিদির চোখে দুজনই সমানে সমান। তবে ইনজামাম নির্বাচন করেছেন শাহিনকে।
কোন দল এগিয়ে? দুবাই কন্ডিশনের জন্য যুবরাজ ফেভারিট মানছেন পাকিস্তানকে। তবে সিধুর দৃষ্টিতে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। আফ্রিদি আর ইনজামাম এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

