আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

ম্যাচটি শেষ পর্যন্ত হয়ে থাকল রেকর্ডের দ্বৈরথ। আগে ব্যাট হাতে ইতিহাস লিখল আফগানিস্তান, পরে সেই ইতিহাসই মুছে দিয়ে আরেকটি নতুন রেকর্ড গড়ল নিউ জিল্যান্ড। গুলবদিন নাইবের ঝড়ো ফিফটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। কিন্তু সেই রেকর্ডের আয়ু ছিল মাত্র ২০ ওভার। রান তাড়ায় টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসদের ব্যাটে উল্টো রেকর্ড গড়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউইরা।

বিজ্ঞাপন

১৮৩ রানের লক্ষ্য নিউ জিল্যান্ড ছুঁয়ে ফেলে ১৩ বল বাকি থাকতেই। টি–টোয়েন্টি বিশ্বকাপে এটি কিউইদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২২ বিশ্বকাপে ১৬৭ রান তাড়ায় জয়ই ছিল তাদের সেরা। এছাড়া আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও এটি। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার, ২০২২ সালে তারা আফগানিস্তানের বিপক্ষে ১৭৬ রান তাড়া করে জিতেছিল।

এই দুই রেকর্ড গড়ার আগে অবশ্য ইতিহাসটা লিখেছিল আফগানিস্তানই। টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়ে তারা। এতদিন ২০০৭ বিশ্বকাপে ভারতের করা ১৮০ রান ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর।

নিউ জিল্যান্ডের জয়ের নায়ক টিম সাইফার্ট। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই উইকেটকিপার ব্যাটার। তবে শুরুটা সহজ ছিল না কিউইদের জন্য। দ্বিতীয় ওভারে মুজিব উর রহমান পরপর দুই বলে ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দিলে চাপ তৈরি হয়। কিন্তু সাইফার্ট ও গ্লেন ফিলিপসের জুটি দ্রুতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৩৬ বলে ৭৪ রানের সেই জুটিতে নিউ জিল্যান্ড ফিরে আসে ম্যাচে। ফিলিপস ৭ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৪২ রান করে আউট হলেও ততক্ষণে লক্ষ্য অনেকটাই নাগালের মধ্যে।

এরপর মার্ক চ্যাপম্যানকে সঙ্গে নিয়ে সাইফার্ট ২১ বলে যোগ করেন আরও ৩৬ রান। নিজের কাজটা প্রায় শেষ করে দিয়ে ফিরে যান সাইফার্ট। চ্যাপম্যান করেন ১৭ বলে ২৮ রান। শেষদিকে ড্যারেল মিচেল (১৪ বলে ২৫) ও মিচেল স্যান্টনার (৮ বলে ১৭) অবিচ্ছিন্ন জুটিতে ১৩ বলেই যোগ করেন ২৮ রান। তাতেই বড় লক্ষ্য অনায়াসেই টপকে যায় নিউ জিল্যান্ড।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সংযত শুরু করে আফগানিস্তান। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৪৪ রান। এরপরই গুলবদিন নাইব ঝড় তোলেন। ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নাইব। তাকে ভালো সঙ্গ দেন সেদিকউল্লাহ অতল (২৪ বলে ২৯) ও দারউইশ রসুলি (১৩ বলে ২০)। এই ইনিংসগুলোর সুবাদেই রেকর্ডগড়া পুঁজি পায় আফগানিস্তান।

কিন্তু বড় স্কোরের পরও আফগান বোলাররা চাপ ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ইতিহাস গড়েও হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফগানিস্তানকে—আর চেন্নাই সাক্ষী থাকে রেকর্ড ভাঙা ও গড়ার এক অদ্ভুত দিনে।

আফগানিস্তান: ২০ ওভারে ১৮২/৬ (গুলবদিন ৬৩, আতাল ২৯, গুরবাজ ২৭, রাসুলি ২০; ফার্গুসন ২/৪০, রবীন্দ্র ১/১৪)। নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৮৩/৫ (সাইফার্ট ৬৫, ফিলিপস ৪২; মুজিব ২/৩১, রশিদ ১/৩৬)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: টিম সাইফার্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন