ইন্টার মিয়ামির জার্সিতে প্রথমবার ক্লাব বিশ্বকাপে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচজুড়ে চিরচেনা দাপট দেখালেন আর্জেন্টাইন তারকা। তবে জিততে পারল না তার দল।। মিশরের ক্লাব আল আহলির সঙ্গে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।
ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন আরেক আর্জেন্টাইন, মিয়ামির গোলরক্ষক অস্কার উসতারি। আল আহলি জিতেই যেত। তবে পেনাল্টি ঠেকিয়ে তাদের থেকে ১ পয়েন্ট ছিনিয়ে এনে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন উসতারি। ৩৮ বছর বয়সী এই গোলকিপার শুধু ৪৩তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি।
ম্যাচে ব্যস্ত সময় পার করতে হয়েছে আল আহলি গোলকিপার মোহাম্মদ এল সেনাউয়িকেও। মোট ৫টি সেভ করেছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার। যার মধ্যে মেসি ও সুয়ারেজের দুটি নিশ্চিত গোলের সুযোগ ছিল।
শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট হলেও ম্যাচশেষে ফল নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন ইন্টার মিয়ামি কোচ মাচেরানো। ডিএজেডএনকে তিনি বলেন, ‘পারফরম্যান্স নিয়ে আমি খুশি। প্রথমার্ধে আমরা বলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি।’
এই ম্যাচ ড্র করায় মিয়ামি ও আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠার পথ কিছুটা কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল পোর্তো এবং পালমেইরাস ফেভারিট। মিয়ামির পরের ম্যাচ ১৯ জুন রাত ১টায় পোর্তোর বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

