মিয়ামিকে হারিয়ে লিগস কাপ সিয়াটলের

মিয়ামিকে হারিয়ে লিগস কাপ সিয়াটলের

সেমিফাইনালের পারফম্যান্সটা ফাইনালে টেনে আনতে পারলেন না লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। তাতে লিগস কাপের ফাইনালেও প্রত্যাশামাফিক খেলতে পারল না ইন্টার মিয়ামি। হাতছাড়া হলো শিরোপাও। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরে যায় হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।

লুমেন ফিল্ডে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে সাউন্ডার্স। ২৬ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওসাজে ডি রোসারিও। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স রোলডান। সেই ধারা বজায় রেখে শেষ মুহূর্তে রথরকের গোল নিশ্চিত করে সাউন্ডার্সের দাপুটে জয়।

২০২৩ সালের লিগস কাপ জয়ের পর থেকে টানা ব্যর্থতায় ডুবে আছে মিয়ামি। গত দুই বছরে তাদের হারের তালিকাটা দীর্ঘ। ইউএস ওপেন কাপের ফাইনাল, এমএলএস কাপের প্রথম রাউন্ডে বিদায়, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে কোয়ার্টার ফাইনালে হোঁচট আর এবার লিগস কাপের শিরোপা হাতছাড়া।

এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল সাউন্ডার্স। উত্তর আমেরিকায় সম্ভাব্য সব শিরোপা জেতা প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাল তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন