আগের ম্যাচেই অ্যাটলেটিকোর মাঠে ভরাডুবি হয় রিয়াল মাদ্রিদের। লিগ টেবিলের শীর্ষে ফিরতে এরচেয়ে আর ভালো সুযোগ পেত না এক ম্যাচ কম খেলা বার্সেলোনা। সুযোগটা দুহাত ভরে কাজে লাগাল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লামিনে ইয়ামালের ফেরার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে লা লিগার ম্যাচটিতে শুরুতে আলভারো ওদ্রিওসোলার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে আক্রমণাত্মক ফুটবলের পসরা জারি রেখে খেলা কাতালানদের সমতায় ফেরান জুল কুন্দে। পরে দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডোভস্কি।
ম্যাচের ৩১তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সেলোনা। আন্দের বারেনেচেয়ার পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে স্লাইড শটে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা।
৪৩তম মিনিটে সেই গোল শোধ দেয় বার্সেলোনা। বাঁ দিক থেকে মার্কাস র্যাশফোর্ডের কর্নারে হেডে সমতা টানেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। এরপর আর গোল না হওয়ায় সমতা নিয়েই প্রথমার্ধে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে চোট কাটিয়ে ফেরা ইয়ামালকে নামান বার্সেলোনা কোচ। এবং মাঠে নামার এক মিনিটের মধ্যে দলকে এগিয়ে নেওয়ায় ভূমিকা রাখেন তরুণ তারকা। ডি-বক্সে ঢুকে একজনের চ্যালেঞ্জ সামলে ক্রস বাড়ান ইয়ামাল, আর হেডে গোলটি করেন লেভানডোভস্কি।
বাকি সময় নিজেদের রক্ষণ আগলে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে, মৌসুমে অপরাজেয় পথচলা ধরে রাখে কাতালান ক্লাবটি। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

