সুনীল ছেত্রীকে নিয়ে চাপে নেই বাংলাদেশ

সুনীল ছেত্রীকে নিয়ে চাপে নেই বাংলাদেশ

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে দেওয়ান হামজা চৌধুরীর। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন এই মিডফিল্ডার। বর্তমান ইংল্যান্ডের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের খেলছেন এই তারকা ফুটবলার। তার সঙ্গে ইতালি প্রবাসী আরেক ফুটবলার ফাহিমেদুলও বাংলাদেশ দলে আছেন।

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবেই শক্তিশালী দল এখন বাংলাদেশ। তবে বাংলাদেশ ম্যাচের জন্য অবসরে যাওয়া ৪০ বছর বয়সি সফল ফুটবলার সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে ভারত। অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন এই কিংবদন্তি ফুটবলার। ছেত্রীর ফেরায় নতুন করে চিন্তা-ভাবনা ও পরিকল্পনা করতে হচ্ছে বাংলাদেশকে। তবে এই ফুটবলারকে নিয়ে চাপে নেই বাংলাদেশ দল।

প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা সৌদি আরবের ক্যাম্প থেকে বাফুফের পাঠানো ভিডিওতে বলেন, ‘সুনীল ছেত্রীকে আমরা জানি। বেঙ্গালুরুতে আমাদের সে ভালো খেলেছে। এটা (তার ফেরা) স্বাভাবিক ব্যাপার। তার ফেরার সিদ্ধান্তটা তারা নিয়েছে। এতে খেলার আরো উপভোগ্য হবে।’

ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সাদউদ্দিনের গোলে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে তোলে তারা। কিন্তু কলকাতার সল্ট লেকে শেষ দিকে ভারতের আদিল খানের গোলে জয়বঞ্চিত হয় সফরকারীরা। তবে এবার আশাবাদী বাংলাদেশ।

অবসর থেকে ফিরে ছেত্রী খেললেও বিষয়টিকে অস্বাভাবিক ভাবে নিচ্ছে না সাদউদ্দিন। তিনি বলেন, ‘ফুটবলে এটা স্বাভাবিক। এজন্য আমাদের চাপের কিছু নেই। সুনীল ছেত্রীর সঙ্গে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি। তো আমাদের অভিজ্ঞতা আছে ওর বিপক্ষে ম্যাচ খেলার। এটা আমাদের জন্য বড় কোনো সমস্যা নয়। এটা আমাদের জন্য স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই সুনীল অনেক ভালো খেলোয়াড়। ওর সঙ্গে ম্যাচ খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে।’

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান তারকা শেখ মোরসালিন বললেন, ভারতের বিপক্ষে জিততে চান তারা। এই ফুটবলার বলেন, ‘এখানে (সৌদিতে) আমাদের প্রস্তুতি বেশ ভালো চলছে। ভারত ম্যাচটি খেলার জন্য আমরা প্রস্তুত। ভারতের বিপক্ষে সম্ভবত আমার প্রথম ম্যাচ হবে। যেভাবেই হোক, আমাদের ম্যাচটি জিততে হবে। তাদের (ভারত) আগে আমরা অনুশীলন শুরু করেছি। সবকিছু আমাদের অনুকূলে আছে। আমাদের চেষ্টা থাকবে যে, আমাদের যেভাবেই হোক ম্যাচটি জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল ছেত্রী। কুয়েতের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন তিনি। এবার অবসর ভেঙে ফেরায় আট মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ভারতীয় এই ফুটবল তারকা। ভারতের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। তার নামের পাশে ১৫১টি ম্যাচ আর ৯৪টি গোল রয়েছে। যেটি আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ।

ছেত্রীর চেয়ে বেশি গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ইরানের আলি দাই। চারবার সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় ছেত্রী। সাফের ইতিহাসেও সর্বোচ্চ ২৩ গোলদাতা এই ফুটবলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন