এশিয়া কাপের বাছাই পর্বের মিশন শেষ না হতেই আরেকটি টুর্নামেন্টে শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামীকাল (১১ জুলাই) থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল খেলছে।
এই বয়সভিত্তিক সাফে খেলছে না ভারত। ফলে টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ। সিনিয়র দলের অধিনায়ক হলেও বয়সের সীমারেখায় অনূর্ধ্ব-২০ সাফে খেলার সুযোগ পাচ্ছেন আফঈদা খন্দকার। এছাড়া সিনিয়র দলের সাগরিকা, মুনকি আক্তার, স্বপ্না রানী, স্বর্ণা রানী মণ্ডল, জয়নব বিবি রিতা, মিলি আক্তার ও উমহেলা মারমাও সাফে খেলবেন। সম্প্রতি এশিয়ান কাপের বাছাইয়ে সাফল্য পেয়েছে মেয়েরা।
এবার সাফের টুর্নামেন্টেও শিরোপা জিতেছে তারা। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক আফঈদা বলেন, ‘এশিয়ান কাপ কোয়ালিফাই করার পর আমরা যদিও এই দলের সঙ্গে অনুশীলন করার বেশি সময় পাইনি। যে কদিন অনুশীলন করেছি, কোচ আমাদের যেভাবে বলেছেন, সেভাবে অনুশীলনের চেষ্টা করেছি। ২০২৩ সালে এ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন। এখানে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা কাউকে ছোট করে দেখার উপায় নেই। ওরাও ভালো খেলে। তবে আমরাও ম্যাচ বাই ম্যাচ জিতে সর্বোচ্চ পয়েন্ট পেতে চাইÑযেন চ্যাম্পিয়ন হতে পারি।’
বর্তমান দলটি নিয়ে আশাবাদী কোচ পিটার বাটলারও। তিনি বলেন, ‘এই মেয়েরা সবাই দায়িত্ববান। এশিয়ান কাপের বাছাইয়ে দুর্দান্ত খেলেছে তারা। তাদেরই বেশিরভাগ এখানে খেলবে। ৭ ফুটবলার এই দলে খেলার যোগ্য। মেয়েরা প্রস্তুত। গত কিছুদিন ওরা দারুণ অনুশীলন করেছে। আশা করি এখানে আমরা ভালো কিছুই উপহার দেব।’
তিনি আরো বলেন, ‘মেয়েরা গত কয়েক মাস ট্যাকটিক্যালি ও ডিসিপ্লিনের জায়গায় দারুণ উন্নতি করেছে, যা তাদের শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেবে।’ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্টের খেলা। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

