ক্ষমা চাইলেন গোলরক্ষক মিতুল

ক্ষমা চাইলেন গোলরক্ষক মিতুল

সিঙ্গাপুরের বিপক্ষে আশা জাগিয়েও হতাশ করেছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ২-১ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচে বেশ কয়েকটি ভুল করেছেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই গোলরক্ষক।

বুধবার (১১ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিতুল লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলি আমার উপর মারাত্মক প্রভাব ফেলেছে। আমাকে এমন কিছু জিনিসের মুখোমুখি হতে হয়েছে যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিছুদিন আগে যখন আমার বড় ভাই মারা গিয়েছিল তখন আমি প্রথমবারের মতো সত্যিকার অর্থে কষ্ট কি বুঝতে পেয়েছিলাম।’

বিজ্ঞাপন

তিনি আরো লেখেন, ‘ভাইকে হারানোর শোক সত্ত্বেও, আমি আমার সেরাটা দেওয়ার দিকে মনোনিবেশ করেছিলাম। আমি দলকে সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। সত্যিই আমি দুঃখিত এবং ক্ষমা চাইছি। এটা আমার জন্য সত্যিই কঠিন সময় ছিল। আবারও বলছি, ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন এবং বিশ্বাস করুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে তুলে নেন বাংলাদেশের হয়ে একমাত্র গোল করা রাকিব। ম্যাচ শেষে করজোড়ে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবার আশা পূরণ করতে পারিনি। এজন্য আমি দুঃখিত। আপনাদের ভালোবাসা আমাদের সাহস দেয়। সামনে হংকংয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ আছে, সেখানে ভালো কিছু উপহার দিতে চাই।’

হামজা চৌধুরীও আবেগঘন স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবেমাত্র শুরু করছি এবং ইনশাআল্লাহ আমরা খুব শিগগির যেখানে যেতে চাই সেখানে পৌঁছাবো! ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে তোমাদের সঙ্গে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন