ষষ্ঠ ইসলামি সলিডারিটি গেমস

সৌদিতে পদক জিতলেই পুরস্কার

সৌদিতে পদক জিতলেই পুরস্কার

বাহরাইনে এশিয়ান যুব গেমসে কাবাডি, গলফ ও কুস্তিতে পদকের প্রত্যাশা ছিল। এই গেমসে শুধু কাবাডি থেকে দুটি পদক এসেছে। এবার বাংলাদেশের সামনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমস। আসন্ন গেমসেও পদকের আশায় বাংলাদেশ। যদিও জোর দিয়ে পদক জয়ের ঘোষণা দিতে পারেননি ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে দলের শেফ দ্য মিশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির বলেন, ‘আমরা এখনই কিছু বলতে পারছি না। তবে পদক জয়ের আশাও ছাড়ছি না।’

বিজ্ঞাপন

আগামী ৭-২১ নভেম্বর রিয়াদে হবে সলিডারিটি গেমসের ষষ্ঠ আসর। ২৩টি ডিসিপ্লিনের মধ্যে ১০টিতে অংশ নেবে বাংলাদেশ। এই গেমসে ৩৬ জন ক্রীড়াবিদ লড়বেন। কোচ, ম্যানেজার, শেফ দ্য মিশনসহ সব মিলিয়ে ৬২ জনের কন্টিনজেন্ট যাচ্ছে সৌদিতে। এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে লাল-সবুজের পতাকা থাকবে টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ ও স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তারের হাতে।

আসন্ন গেমসে পদক জিতলেই পুরস্কার দেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। উশু ফেডারেশনও পুরস্কার ঘোষণা করেছে। উশুর সাধারণ সম্পাদক দিলদার হাসান বলেন, ‘পদক জিতলে বিওএর স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জের জন্য যথাক্রমে- ছয়, চার ও দুই লাখ টাকা ঘোষণা করেছে। আমরা ব্রোঞ্জ পদক জিতলেই ৫০ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছি। আশা করি, উশুকাররা সেই লক্ষ্য পূরণ করতে পারবে।’

অন্যদিকে, অ্যাথলেটিকস ফেডারেশনের সহসভাপতি ইকবাল হোসেন বলেছেন, ‘আমরাও প্রণোদনা দিচ্ছি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জের জন্য যথাক্রমে- তিন, দুই ও এক লাখ টাকা ঘোষণা করেছি।’ কারাতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দক্ষিণ এশীয় গেমসে আমাদের পদকের ধারাবাহিকতা ছিল। এখানেও ছেলেমেয়েরা আমাদের হতাশ করবে না আশা করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন